গৌরবের প্রতীক 'কয়েন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকের হাতে সেই কয়েন
মুশফিকের হাতে সেই কয়েন

সংবাদ সম্মেলনে প্রশ্নটা অবধারিতভাবেই উঠল। সেঞ্চুরির পর হাত তুলে কী দেখাচ্ছিলেন ড্রেসিংরুমের দিকে? মুশফিকুর রহিম প্রশ্নটা এড়িয়ে গিয়ে বললেন, ‘এটা দলের নিজস্ব একটা ব্যাপার। আমাদের মধ্যেই থাক। বলে ফেললে হয়তোবা ভবিষ্যতে এটা আর কাজ করবে না।’
এটুকু বলার পর অবশ্য টেস্ট অধিনায়ক ইশারায় বুঝিয়ে দিলেন, রহস্যটার সঙ্গে তামিম ইকবালও সম্পৃক্ত, ‘তামিমের কাছে কৃতজ্ঞ। আমার জন্য তার আশীর্বাদ ছিল।’ মুশফিক না বললেও চা-বিরতির সময়ই জানা হয়ে গেছে তাঁর এমন সেঞ্চুরি উদ্যাপনের কারণ।
বেসিন রিজার্ভে কাল ব্যাট উঁচিয়ে সেঞ্চুরি উদ্যাপন শেষে জড়িয়ে ধরলেন সঙ্গী ব্যাটসম্যান সাকিব আল হাসানকে। এরপরই কী যেন খুঁজতে হাতড়াতে লাগলেন পকেট। কয়েক সেকেন্ডের মধ্যে পেয়েও গেলেন তা...একটা কয়েন। পকেট থেকে সেটি বের করে দেখালেন ড্রেসিংরুমের দিকে। মুখে দুষ্টুমির হাসি।
কিন্তু সেঞ্চুরি পর কয়েন দেখানোর কারণ? কাকেই বা দেখালেন সেটি! চা-বিরতির সময় ভেদ হলো রহস্য। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে যখন খেলা থেকে দূরে ছিলেন, তখনকার এক ঘটনা। মুশফিকের পকেট থেকে একদিন নিউজিল্যান্ডের একটি ধাতব মুদ্রা পড়ে গিয়েছিল মাটিতে। সামনে থাকা তামিম ইকবাল সেটি কুড়িয়ে মুশফিকের হাতে তুলে দিতে দিতে বললেন, ‘কয়েনটা পকেটে রেখে দিয়েন। এটা পকেটে রাখলে রান পাবেন।’ দুষ্টুমিটা বুঝেও মুশফিকের পাল্টা প্রশ্ন ছিল, ‘এটা রাখলে রান পাব মানে! কেন?’ তামিম বিষয়টাকে আরও রহস্যময় করে তুলে বলেছিলেন, ‘পকেটে রেখেই দেখেন না, রান পাবেন...।’
তামিমের কথা বিশ্বাস করেছিলেন কি না কে জানে, তবে কাল সেই কয়েন পকেটে নিয়েই মাঠে নেমেছিলেন মুশফিক। রান তো পেলেনই, দুর্দান্ত খেলে পেয়ে গেলেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরিটাও। সাকিব আল হাসানের সঙ্গে হলেন ৩৫৯ রানের গৌরবময় রেকর্ড জুটির যৌথ মালিক।
শুধু মুশফিকের নয়, বাংলাদেশের ক্রিকেটেরই অনন্য এক স্মারক হয়ে রইল এই ধাতব মুদ্রাটি।