গ্যালারিতে ঢাকার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব গ্যালারির ৭ নম্বর গেটের পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়াতে হলো। নিরাপত্তাকর্মীর পায়ের কাছে একটা স্তূপ। কী নেই সে স্তূপে? চিরুনি, লিপজেল, কয়েন, হেডফোন, ডেটা কেব্ল! টিকিটের গায়ের নির্দেশনাগুলো উপেক্ষা করে এসব এনেছেন অনেকে। নিরাপত্তার স্বার্থে তাই ‘অস্থাবর সম্পত্তিগুলো’ বিসর্জন দিয়ে ঢুকতে হচ্ছিল সবাইকে। কিন্তু এত সব বিপত্তিও জনস্রোত আটকাতে পারেনি।
খেলা শুরু বেলা দেড়টায়। কিন্তু দর্শকদের এতক্ষণ অপেক্ষা করতে বয়েই গেছে। সাড়ে ১২টার আগেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে ঢুকতে লাগলেন লাল জার্সিধারীরা। চিটাগং ভাইকিংসের খেলা, স্থানীয় দর্শকের ভিড় থাকারই কথা। কিন্তু একটু পরই গ্যালারিতে জড়ো হতে থাকলেন রাজশাহী কিংস, কুমিল্লা ভাইকিংস ও রংপুর রাইডার্সের সমর্থকেরা।
এর আগে নিঃসঙ্গ শেরপা হয়ে পূর্ব গ্যালারিতে ঘুড়ে বেড়াচ্ছিলেন রাজশাহীর এক সমর্থক। এত ‘দলদস্যুর’ মধ্যে একমাত্র রাজা হয়ে টিকে আছেন কীভাবে? প্রশ্নটা শুনে হেসে বললেন, ‘কোনো সমস্যা নেই।’ তবে বারবার কপালে হাত তোলাটা বুঝিয়ে দিল, রোদটা ঠিকই সমস্যা করছে। অথচ কড়া রোদ থাকবে জেনেও ২০০ টাকার টিকিট ৫০০ টাকায় কিনেছেন। তাঁর দাবি, কাউন্টার থেকেই বাড়তি দামে কিনেছেন। শুনে পাশ থেকে এক ‘দলদস্যু’ শুনিয়ে দিলেন, আরে কালোবাজারেই তো সাড়ে তিন শ টাকা! জবাবে ‘রাজা সাহেব’ চুপ। তবে মনোভাবটা পরিষ্কার, টিকিট পেয়েছেন বলেই খুশি!
দর্শকের এমন আগ্রহই জমিয়ে দিয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। প্রথম দুই দিনে গ্যালারি উপচে দর্শক এসেছে। ঢাকার খালি গ্যালারির পুরো বিপরীত চিত্র। বিপিএলকে ঢাকার বাইরে পাঠানোর চিন্তা শুরু করতেই পারে বিসিবি।