গ্যালারিতে বুকি!
বাংলাদেশ ড্রেসিংরুমের ঠিক ওপরের গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখছিলেন ২৩-২৪ বছর বয়সী এক যুবক। হাতে তিনটি মোবাইল। খেলা দেখার চেয়ে সেসব নিয়েই তাঁর বেশি ব্যস্ততা দেখে সন্দেহ জাগে বিসিবির দুর্নীতি দমন বিভাগের তথ্যদাতাদের। সন্দেহ থেকে চ্যালেঞ্জ। মোবাইল ঘেঁটে দেখা গেল ওগুলোর দুটি বাংলাদেশি নম্বর, অন্যটি ভারতীয়। মোবাইল ফোন থেকে ইন্টারনেটের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছিলেন বিভিন্ন বেটিং ওয়েবসাইটে। ততক্ষণে বিষয়টা পরিষ্কার—পরশু গ্যালারিতে বসে বসে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডেতে বুকিদের হয়ে কিছু করছিলেন সৌরভ সন্তোষ চৌধুরী নামের ওই যুবক। জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিয়েছেন নিজের, থাকেন মুম্বাইয়ে। বিসিবি সঙ্গে সঙ্গেই তাঁকে পুলিশে সোপর্দ করে, সৌরভের ঠিকানা সেই থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার। তবে অতীতে এ রকম ঘটনায় আটককৃতরা পার পেয়ে যাওয়ায় সন্তোষেরও তেমন কিছুই হবে না বলে ধারণা অনেকের। বিসিবি অবশ্য জানিয়েছে, বেটিং জগতে সন্তোষের নামটি নতুন। আইসিসির সন্দেহভাজনদের তালিকাতেও নেই তিনি।