গ্যালারির দিকে তাকিয়ে ছিলেন টেলর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাচ মিস ক্রিকেটেরই অংশ। হাস্যকরভাবে ক্যাচ মিসের ঘটনাও কম নয়। কিন্তু জেরোম টেলর যেভাবে ক্যাচটা ছেড়েছেন, সেটা আপনভোলা স্কুলবালকদেরও হয় কি না সন্দেহ! কাল জিলংয়ে ভিক্টোরিয়া ইলেভেনের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে আর সব ছাপিয়ে এ ঘটনা নিয়েই শোরগোল।
ঘটনাটা দিনের ১৪তম ওভারে। বল করছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। প্রতিপক্ষ ব্যাটসম্যান জ্যাক হ্যানকক ব্যাট করছিলেন ২২ রানে। হোল্ডারের বলটা হুক করতে গিয়ে ফাইন লেগে তুলে দেন। ‘ক্যাচ ইট’ বলে সমস্বরে চেঁচানোর পর সবাই সবিস্ময়ে আবিষ্কার করলেন, টেলর গ্যালারির দিকে তাকিয়ে আছেন। হঠাৎ ডাক শুনে সম্বিৎ ফিরে পেতে পেতে বলটা মাঠের বাইরে চলে গেছে। অভাবিত সুযোগটা পেয়ে হ্যানকক করেছেন ৮০ রান। পরে স্বীকার করেছেন, নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারেননি, ‘অবশ্যই আমি পার পেয়ে গেছি। ঠিক কী হয়েছে, সেটা দেখতে পাইনি। ও তো মনে হয় মাঠেই ছিল না, তাই না?’
ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা অবশ্য মাঠে হাসাহাসিই করছিলেন টেলরকে নিয়ে। কিন্তু কোচ ফিল সিমন্স এত সহজভাবে নেননি। দিন শেষে বলেছেন, ‘এটা দৃষ্টিসুখকর কিছু নয়। একটা দল যেখানে সবার সম্মান পেতে লড়াই করছে, সেখানে এমন ঘটনা অবশ্যই এড়াতে হবে।’ দুই দিনের ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ৩০৩ রানের পর ভিক্টোরিয়া একাদশ ৩ উইকেটে ১৬৯ রান তুলে ফেলেছিল। বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচের বাকি অংশ। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এএফপি।