গ্যালারির শওওহচীইইন-শচীন ডাক শুরু হলো যেভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ির ব্যালকনিতে তোলা শচীন টেন্ডুলকারের ছোটবেলার সেই বিখ্যাত ছবি।
বাড়ির ব্যালকনিতে তোলা শচীন টেন্ডুলকারের ছোটবেলার সেই বিখ্যাত ছবি।

শচীন টেন্ডুলকারের ব্যাটিংয়ের সময় স্টেডিয়ামের গ্যালারিতে সমস্বরে আওয়াজ উঠত—‘শওওহচীইইন...শচীন!’ গ্যালারির সে গর্জন শুনে ভরকে যেতেন অধিকাংশ বোলার। আর শচীনও সমর্থকদের এমন ভালোবাসার জবাব দিতেন রানের ফোয়ারা ছুটিয়ে। তবে এই স্লোগানের উদ্ভাবকের নামটা শোনার পর একটু অবাকই হবেন। ‘শওওহচীইইন...শচীন’ আওয়াজটা প্রথম তুলেছিলেন ‘লিটল মাস্টারে’র মা রজনী টেন্ডুলকার নিজেই!

তবে তাঁর মা প্রথম যখন ‘শওওহচীইইন...শচীন’ বলেছিলেন, তখন এটি কোনো স্লোগান ছিল না। ছেলেকে মাঠ থেকে বাড়িতে ডাকতেই রজনী টেন্ডুলকার এভাবে ডাকতেন। টেন্ডুলকারের অবশ্য অবাক লাগে, খেলা ছাড়ার পরেও জনতা তাঁকে উদ্দেশ করে এই আওয়াজ তোলে দেখে, ‘আমি কোনো দিন ভাবিনি খেলা ছাড়ার পরেও এই ডাকটা থেকে যাবে। এটি মূলত শুরু করেছিলেন আমার মা। ছোটবেলায় যখন নিচে খেলতে যেতাম, আমাকে বাড়িতে ফেরাতে মা ঠিক এভাবেই ডাকতেন।’
নিজের জীবনী-ভিত্তিক সিনেমা ‘শচীন: এ বিলিয়ন ড্রিম’-এর সংগীত প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে টেন্ডুলকার বলেন, ‘শওওহচীইইন...শচীন’ স্লোগান এখন সিনেমাতে গানের কথাতেও ব্যবহার করা হচ্ছে। আমার খুব ভালো লাগছে ব্যাপারটা।’ টেন্ডুলকারের জীবনী-ভিত্তিক এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন বিখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান।
এই ছবির পোস্টারে টেন্ডুলকারের ছোটবেলার একটি ছবি ব্যবহৃত হয়েছে। ব্যাটিং-স্টান্সে দাঁড়ানো শিশু টেন্ডুলকারের এই ছবিটি যথেষ্টই বিখ্যাত। এ ছবির পেছনের ইতিহাস জানিয়েছেন টেন্ডুলকার, ‘এটা আমাদের বাড়ির ব্যালকনিতে আমার বড় ভাইয়ের সঙ্গে খেলার সময় তোলা। আমার বয়স তখন চার কি পাঁচ! আমি জোরে বল মারতেই পছন্দ করতাম। সেটা ক্রিকেট ব্যাট দিয়েই হোক কিংবা ব্যাডমিন্টন র‍্যাকেট দিয়ে। আমার ভাই বল ছুড়ে দিত; যতগুলো ছুড়ত, তার অল্প কয়েকটাই আমি ঠিকমতো মারতে পারতাম। সূত্র: পিটিআই।