
প্রায় ১৫ বছর আগে কথাটি বলে বাংলাদেশে অনেকের চক্ষুঃশূল হয়েছিলেন গর্ডন গ্রিনিজ। বাংলাদেশের সেই সময়ের কোচ বলেছিলেন, টেস্ট ক্রিকেটের জন্য এখনো প্রস্তুত নয় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলার এত বছর পরও যেন প্রাসঙ্গিক সাবেক ক্যারিবিয়ান ওপেনারের সেই কথা। সদ্য সমাপ্ত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে ইএসপিএনক্রিকইনফোতে লেখা কলামে সেটি আবার মনে করিয়ে দিয়েছেন ধারাভাষ্যকার ও ক্যারিবিয়ান ক্রিকেট বিশেষজ্ঞ টনি কোজিয়ার।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ বরাবরই। বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার যোগ্য ছিল কি না, এমনকি এখনো যোগ্য কি না, এ নিয়ে অনেক সাবেক ক্রিকেটার-বিশেষজ্ঞই বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন। চলতি বছরে বাংলাদেশের পারফরম্যান্স, ক্যারিবিয়ানে চরম হতাশার সফর সেই প্রশ্নটাকে উসকে দিয়েছে আরেকবার। প্রায় পাঁচ যুগ ধরে ক্রিকেট নিয়ে লেখালেখি ও ধারাভাষ্য দিয়ে আসা কোজিয়ার তাঁর কলামে লিখেছেন, ‘মালয়েশিয়ায় ১৯৯৭ আইসিসি ট্রফিতে বাংলাদেশকে শিরোপা এনে দেওয়া ও দুবছর পর বিশ্বকাপে নিয়ে যাওয়া কোচ গর্ডন গ্রিনিজ সে সময় সতর্ক করে দিয়েছিলেন যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তাঁর মূল যুক্তি ছিল বাংলাদেশের ঘরোয়া কাঠামো ওয়ানডে ক্রিকেটভিত্তিক; বাংলাদেশের আগে টেস্ট মর্যাদা পাওয়া সাম্প্রতিকতম দুই দেশ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের নেপথ্যে ছিল শক্ত প্রথম শ্রেণির টুর্নামেন্ট। তার পরও মোহ আর রাজনীতিতে প্রলুব্ধ হয়ে প্রশাসকেরা গ্রিনিজের পরামর্শ উড়িয়ে দিয়ে বাংলাদেশকে পদোন্নতি উপহার দেয়। এর পর থেকেই তারা নাকানিচুবানি খেয়ে আসছে। ৮৫ টেস্টের ৭০টিতেই হেরেছে। জিতেছে মাত্র চারটি (২টি জিম্বাবুয়ের বিপক্ষে, ২টি খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)।’
প্রথম শ্রেণির ক্রিকেট অবশ্য চালু হয়েছে সেই সময়ই। তবে সেটা শুধু থাকতে হয় বলেই। শুরুর মতো এখনো দায়সারা দেশের প্রথম শ্রেণির ক্রিকেট, আঞ্চলিক ক্রিকেট কাঠামো কেবল প্রতিশ্রুতির বুলি। টেস্ট আঙিনায় এগিয়ে যেতে না পারার আরেকটি কারণ, খুব বেশি টেস্ট খেলার সুযোগ না পাওয়া। বিদগ্ধ বিশেষজ্ঞ কোজিয়ার সেটিও বলতে ভোলেননি, ‘ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট চালু হলেও শক্ত প্রতিপক্ষের সঙ্গে আরও বেশি টেস্ট খেলার সুযোগ না পেলে তারা উল্লেখযোগ্য উন্নতি করতে পারবে না। গ্রিনিজের যুক্তির বাড়তি অংশ এটি। দল হিসেবে মনে রাখার মতো কিছু মুহূর্ত অবশ্য তারা পেয়েছে; বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান, তেজি অধিনায়ক মুশফিকুর রহিম এবং ওপেনার তামিম ইকবাল সত্যিকারের মানসম্পন্ন ক্রিকেটারদের কয়েকজন।’
সিরিজ শেষে অধিনায়ক মুশফিক যে নিজেদের সমস্যার কথা অকপটে বলেছেন, সেটিও উল্লেখ করেছেন ৭৪ বছর বয়সী ক্রিকেট-পণ্ডিত, ‘ক্যারিবিয়ানে হারের পর সমস্যার খোলামেলা কারণ উল্লেখ করেছে মুশফিক। সে বলেছে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে হুড়মুড় করে ভেঙে পড়া ঠেকানোর কোনো উপায় তার দল খুঁজে পায়নি; দলটির মানসিক শক্তির অভাবই এতে ফুটে উঠেছে।’ ক্রিকইনফো।
৮৫ টেস্টে ৭০ হার
এ পর্যন্ত ৮৫টি টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৪টিতে, ড্রয়ের সংখ্যা ১১ আর হার ৭০! পাশের ছকে টেস্ট খেলুড়ে সব দেশের প্রথম ৮৫ টেস্টের পরিসংখ্যান। যেটি দেখে বোঝা যাবে, টেস্ট খেলুড়ে অন্য দেশগুলোর কারও প্রথম ৮৫ টেস্টের রেকর্ডই এতটা খারাপ ছিল না। ৭০ পরাজয়ের ৩৬টিই ইনিংস ব্যবধানে, ৬টি টেস্ট বাংলাদেশ হেরেছে অন্তত ২০০ রানে, ৮টিতে হার ৯ অথবা ১০ উইকেটে!
ক্রিকইনফো
ইংল্যান্ড অস্ট্রেলিয়া উইন্ডিজ পাকিস্তান দ. আফ্রিকা শ্রীলঙ্কা ভারত জিম্বাবুয়ে নিউজিল্যান্ড বাংলাদেশ
জয় ৪১ ৩৪ ২৫ ১৪ ১৫ ১২ ৮ ৯ ৫ ৪
হার ২৯ ৩৫ ৩০ ২৩ ৪৬ ৩৭ ৩৪ ৫০ ৪২ ৭০
ড্র ১৫ ১৬ ২৯ ৪৮ ২৪ ৩৬ ৪৩ ২৬ ৩৮ ১১