গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং না বোলিং—বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের শক্তির দিক কোনটি? অন্তত থাইল্যান্ডে অনুষ্ঠানরত ২০১৬ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে সালমা-জাহানারাদের পারফরম্যান্স বলবে বোলিং। প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে ৩২ রানেই অলআউট করে দিয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৫৩ রানে। আর কাল পাপুয়া নিউগিনিকে অলআউট করল ৫৯ রানে। প্রথম দুই ম্যাচের মতো কালও জিতেছে বাংলাদেশের মেয়েরা, এবার ৪১ রানে। তিন ম্যাচে তিন জয়; গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ।
ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে কাল টস হেরে ব্যাটিংয়ে নেমে ২২ রানের মধ্যেই আয়েশা রহমান (৫), শারমিন আখতার (৮) ও রুমানা আহমেদকে (৮) হারিয়ে ফেলে বাংলাদেশ। উইকেটে এসে হাল ধরেন ফারজানা হক। ৩ চারে ৩০ বলে ২৮ রান করেন তিনি। তাঁর এই রানের সুবাদেই ৭ উইকেটে ঠিক ১০০ রান করে বাংলাদেশ। ফারজানা ছাড়া দুই অঙ্কের রান করেছেন আর তিনজন—নিগার সুলতানা (১৪), রিতু মণি (১৩) ও অধিনায়ক জাহানারা আলম (১০*)। নিউগিনির কেরি সেউরা ৩ ওভারে ২ রান দিয়ে ২ মেডেনসহ নিয়েছেন ২ উইকেট।
১০১ রানের লক্ষ্যে ব্যাট করা নিউগিনির উদ্বোধনী জুটি সপ্তম ওভার পর্যন্ত খেললেও রান ওঠে মাত্র ১৬। এরপর নিয়মিত উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে অলআউট হয় দলটি। বাংলাদেশের অফ স্পিনার খাদিজাতুল কুবরা ৪ ওভারে ১১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। লেগ স্পিনার রুমানা আহমেদ ১৩ রানে নিয়েছেন ৩ উইকেট।
আগামীকাল সেমিফাইনালে জাহানারাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই ম্যাচ জিতলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত বাংলাদেশের। ক্রিকইনফো।