গ্রুপসেরা হয়ে শেষ আটে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়ল শ্রীলঙ্কার আরেকটি উইকেট, পাকিস্তান ফিল্ডারদের উল্লাস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই ম্যাচ জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান l জাহিদুল করিম
পড়ল শ্রীলঙ্কার আরেকটি উইকেট, পাকিস্তান ফিল্ডারদের উল্লাস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই ম্যাচ জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান l জাহিদুল করিম

প্রথম দুই ম্যাচেই জয় পাকিস্তান ও শ্রীলঙ্কাকে তুলে দিয়েছিল কোয়ার্টার ফাইনালে। শেষ ম্যাচটা জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কঠিন প্রতিপক্ষকে এড়ানোর তাড়নাও ছিল না কোনো দলের। প্রথম বা দ্বিতীয় যা-ই হোক না কেন শেষ আটে প্রতিপক্ষ হয় ইংল্যান্ড অথবা ওয়েস্ট ইন্ডিজ। কাল এই সমীকরণ নিয়েই মুখোমুখি হয়েছিল ‘বি’ গ্রুপের দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের ইতি টেনেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘সি’ গ্রুপ রানার্সআপ ওয়েস্ট ইন্ডিজকে। ৮ ফেব্রুয়ারি ফতুল্লায় মুখোমুখি হবে দুই দল। ৭ ফেব্রুয়ারি মিরপুরে শ্রীলঙ্কা খেলবে গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে। প্রথম কোয়ার্টার ফাইনালে আগামীকাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে কাল পাকিস্তানের জয়ের নায়ক হাসান মহসিন। পাকিস্তানের ব্যাটসম্যান ক্রিজে আসেন দল ৭০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর। ৮৬ বলে ৮৬ রান করে মহসিন ৪৯তম ওভারে ফিরেছেন নবম ব্যাটসম্যান হিসেবে দলকে ২১১ রানে রেখে। পাকিস্তান অলআউট আর ৩ বল পর, ১ রান যোগ করে।
মহসিন এরপর মিডিয়াম পেসে ২১ রানের মধ্যেই তুলে নেন শ্রীলঙ্কার দুই ওপেনারকে। ২১ রানেই ২ উইকেট ও ৬৩ রানে ৪ উইকেট হারালেও লঙ্কানরা ম্যাচে ছিল ভালোভাবেই। পঞ্চম উইকেটে ৮৪ রান যোগ করেন কামিন্ডু মেন্ডিস ও বিষাদ রান্ডিকা। ইনিংস-সর্বোচ্চ ৬৮ রান করা মেন্ডিসের বিদায়ের পরেই ধসের সূচনা লঙ্কান ইনিংসের। ৪২ রানে শেষ ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা অলআউট হয়েছে ১৮৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৪৮.৪ ওভারে ২১২ (মহসিন ৮৬, ফাইয়াজ ৩৩, উমর ২৬, বদর ২৪; হাসারাঙ্গা ২/৩০, নিমেশ ২/৩৮)। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৬.৪ ওভারে ১৮৯ (মেন্ডিস ৬৮, রান্ডিকা ৪৬; সাদাব ৩/৩১, শফিক ২/২৩, মহসিন ২/২৮)। ফল: পাকিস্তান ২৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: হাসান মহসিন।