গ্রেনাডায় ৭০ রানের লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক মাহমুদ, গ্রেনাডা থেকে
তারেক মাহমুদ, গ্রেনাডা থেকে

সেন্ট কিটসের ফ্লাইট কি এগিয়ে এল নাকি! না, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গ্রেনাডা থেকে আজ সকালেই উড়াল দেবে বাংলাদেশ দল। তার পরও প্রশ্নটা মনে জাগল কাল বাংলাদেশের ব্যাটিং দেখে। খুব তাড়াহুড়া না থাকলে অমন ব্যাটিং কেন করবে ব্যাটসম্যানরা!
লক্ষ্য ২৪৮ রান। উইকেটও প্রথম ওয়ানডের তুলনায় সহজ। এই ম্যাচ বাংলাদেশ দল একটু চেষ্টা করলেই জিততে পারত। কোনো কারণে সেটা না পারলেও অন্তত কাছাকাছি তো যাবে! অথচ ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে হলো উল্টো। আগের ম্যাচে তবু এনামুলের সেঞ্চুরির সৌজন্যে কম রানে অলআউটের লজ্জা থেকে বাঁচা গিয়েছিল। কাল সেই লজ্জাও এড়ানো গেল না। ২৫ ওভারের মধ্যে মাত্র ৭০ রানে অলআউট হয়ে ১৭৭ রানের বিশাল ব্যবধানে তো হারলই, ওয়ানডেতে গ্রেনাডার মাঠে সর্বনিম্ন রানের রেকর্ডটাও বাংলাদেশ লিখল নতুন করে। অল্পের জন্য বেঁচে গেছে নিজেদের সর্বনিম্ন ওয়ানডে রানের রেকর্ড নতুন করে লেখার হাত থেকেও। তবে কালকের ৭০ এখন ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন। আগেরটা ছিল ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে করা ৭৪। আর সর্বনিম্ন রানের রেকর্ড এখনো এ বছরের জুনে ভারতের বিপক্ষে এবং ২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ৫৮-ই।
ব্যাটসম্যানের মধ্যে ওপেনার তামিম ইকবাল করেছেন ৩৭। বাকি ১০ জনের কেউ দুই অঙ্কের ঘরে তো যানইনি, সবাই মিলে করলেন মাত্র ২৮! দলের রান ৫৭ রেখেই ড্রেসিংরুমে ফিরেছেন তিন ব্যাটসম্যান—মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল। মুশফিক, মাহমুদউল্লাহকে পর পর ফিরিয়ে তো হ্যাটট্রিকেরও সম্ভাবনা জাগিয়েছিলেন সুনীল নারাইন! চার ওপেনারের টপ-মিডল অর্ডারেরই যখন এই অবস্থা, তখন বাকিদের কথা কি আর বলার প্রয়োজন আছে? প্রথম ওয়ানডেতে ৩৪ রানে ৫ উইকেট হারানোর পরও কাইরন পোলার্ড-দীনেশ রামদিন মিলে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন। বাংলাদেশ দলে সেই পোলার্ড-রামদিন কই!
ওয়েস্ট ইন্ডিজকে শেষ পর্যন্ত ২৪৭ রানে আটকে রাখতে পারাতে কিছুটা হলেও জয়ের আশা ছিল। নইলে এই প্রতিবেদনের শিরোনাম ঠিক হয়ে যাচ্ছিল ক্যারিবীয় ইনিংসের শুরুতেই—গ্রেনাডায় গেইল শো। ক্রিস গেইলই সেটি হতে দেননি। মাহমুদউল্লাহর একটু নিচু হয়ে আসা শর্ট বলে নিজের ষষ্ঠ ছক্কাটা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে সোহাগ গাজীর সহজ ক্যাচ। আগের ম্যাচে ব্যাটে ঝড় তোলা কাইরন পোলার্ডও ঝড়ের পূর্বাভাস দিয়েই বোল্ড হয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজার বলে।
শেষ পর্যন্ত হারলেও লক্ষ্যটাকে সার্মথ্যের সীমার মধ্যে রাখার কৃতিত্ব দিতে হবে বাংলাদেশি বোলারদের। আর মাশরাফিকে সেখান থেকে একটু বেশির ভাগই দিতে হবে। ইনিংসের ৪৭তম ওভারে পোলার্ডের উইকেট ভেঙে দেওয়ার পর ৪৯তম ওভারে পর পর তুলে নিয়েছেন ল্যান্ডল সিমন্স আর ডোয়াইন ব্রাভোকে। বরাবর ভালো বল করেও কখনো ফিল্ডারদের ব্যর্থতায়, কখনো ভাগ্যদোষে উইকেট-বঞ্চিত হতে হয় মাশরাফিকে। কাল সেই খরা কাটিয়ে তাঁর বোলিং বিশ্লেষণ ১০-১-৩৯-৩।
গেইলের বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে ৬১ বলে ফিফটি বেমানান। কিন্তু ওর মধ্যেই যেভাবে একটু একটু করে হাত খুলছিলেন, ন্যাশনাল স্টেডিয়ামে কাল একটা পর্যায়ে গেইলের ব্যাটের নিচে চাপা পড়ার শঙ্কা জাগছিল বাংলাদেশের। মাশরাফির প্রথম ওভারে চার মেরে শুরু। ৬৭ বলে ৫৮ রানের ইনিংসে তিন বাউন্ডারির সঙ্গে পাঁচ ছক্কা!
কর্মদিবস হওয়ার পরও ন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারিতে কাল সকাল থেকেই যথেষ্ট দর্শক দেখা গেল। এর কারণও আছে অবশ্য। প্রথম ম্যাচে দর্শক-সংকট দেখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি ম্যাচ ছাড়া এই সিরিজের বাকি খেলাগুলোর জন্য একটা ঘোষণা দিয়েছে। এক টিকিটের দামে দুই টিকিট। মানে, একটা কিনলে একটা ফ্রি।
প্রথম ম্যাচের অভিজ্ঞতার পর কাল বাংলাদেশ দলও নিয়েছে নতুন সিদ্ধান্ত। পেসার তাসকিন আহমেদকে বসিয়ে একাদশে আনা হয় আবদুর রাজ্জাককে। তবে গেইল উইকেটে থাকা অবস্থায় বাঁহাতি এই স্পিনারকে সযত্নে দূরেই সরিয়ে রাখলেন অধিনায়ক মুশফিকুর রহিম। বোলিংয়ে আনলেন গেইল আউট হওয়ার ঠিক পরের ওভারে। আগে আনার দরকারও ছিল না। ইনিংসের দ্বিতীয় ওভারেই কার্ক এডওয়াডর্সকে বোল্ড করে আল আমিন যে ধাক্কাটা দিলেন, তাতে গেইলের অপর প্রান্ত শান্ত থাকল অনেকটা সময়। দ্বিতীয় উইকেটে গেইল-ডোয়াইন ব্রাভো জুটি ৮৮ রান যোগ করলেও দ্রুত রান তোলায় গেইলের অবদানই ছিল বেশি।
তবে আম্পায়াররা চাইলে গেইল বিদায় নিতে পারতেন ব্যক্তিগত ২৭ রানের সময়ই। এলবিডব্লুর জোরালো আপিল ছিল বোলার মাহমুদউল্লাহর কাছ থেকে। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ দেখার পর চাইলে দিতেও পারতেন। গেইলের ৪৪ রানের সময় ওই মাহমুদউল্লাহর বলেই আবারও জোরালো আপিল। এবার প্রথম সুযোগেই আঙুল তুলে দিলেন আম্পায়ার। তবে রিভিউয়ের পর বাতিল হয়ে যায় সেই সিদ্ধান্ত।
গেইল ফিরে যাওয়ার পরও ভয় জাগাচ্ছিলেন ড্যারেন ব্রাভো। ব্রাভোকে (৫৩) এলবিডব্লুর ফাঁদে ফেলে ভয়টা সাময়িক দূর করলেন সোহাগ। দলের ১৭১ রানের সময় আল আমিনের অফ স্টাম্পের বলে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড রামদিনও। আগের ম্যাচে পোলার্ডের সঙ্গে ১৪৫ রানের ঝোড়ো জুটিতে নিজে ৭৪ রান করলেও কাল ফিরে গেলেন ৩৪ রানে।
বড় জুটি হয়নি। প্রথম ম্যাচের মতো ঝড়ও ওঠেনি কারও ব্যাটে। তার পরও আফসোস থাকার কথা নয় ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানেরই। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে যাওয়ায় সেন্ট কিটস ভ্রমণটা যে আনন্দময়ই হবে তাঁদের!

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৪৭/৭
বাংলাদেশ: ২৪.৪ ওভারে ৭০
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৭৭ রানে জয়ী