গ্রেনাডার শেষ বিকেলেও সাকিব

সেন্ট কিটসে এসেও যেন কানে তালা লেগে আছে। এত চিৎকার, এত উচ্চগ্রামের মিউজিক—উফ্, অসহ্য! তার ওপর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল ৭০ রানে অলআউট। এ সময় এসব কার ভালো লাগে!
ভালো না লাগলেও কিছু করার নেই। এটাই গ্রেনাডা ক্রিকেটের সংস্কৃতি। এখানকার ন্যাশনাল স্টেডিয়ামে হওয়া কোনো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দল জিতলে গ্যালারির একটা বিশেষ অংশে পার্টি হবে। গ্যালারির অন্যান্য অংশ থেকে আগ্রহী দর্শকেরা তখন চলে যাবে জায়ান্ট স্ক্রিনের পাশের সেই গ্যালারিতে। লাউড স্পিকারে একের পর এক গান চলতেই থাকবে। গানের সঙ্গে গলা মেলাবে সবাই। সঙ্গে উদ্দাম ক্যারিবীয় নাচ। সমস্বরে চিৎকার। ১০, ১৫ বা ২০ মিনিট হলেও হতো। ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা দুয়েক পর যখন মাঠ থেকে বের হচ্ছি, তখনো শুনতে পাচ্ছি উল্লাস আর সংগীতের ‘মূর্ছনা’।
বের হওয়ার আগে মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশের সঙ্গে কথা হচ্ছিল। তিনিই জানালেন, এই সংস্কৃতির সঙ্গে একাত্ম গ্রেনাডার সব ক্রিকেট দর্শক। তাহলে প্রথম ম্যাচের পর যে পার্টি হলো না? ‘সেদিন তো এত দর্শক আসেনি’—ব্যাখ্যা দিলেন ওই পুলিশ সদস্য।
এক টিকিটে একটা ফ্রি—এই ‘অফারের’ কারণেই হয়তো দ্বিতীয় ওয়ানডেতে গ্যালারি পরিপূর্ণ হলো দর্শকে। সেই দর্শকেরা সারাক্ষণই নেচে-গেয়ে মাঠ মাতিয়ে রাখল। এমনকি খেলা শেষে গ্রেনাডার প্রধানমন্ত্রী ড. কিথ মিচেলও তাদের সঙ্গে যোগ দিলেন গ্যালারির পার্টিতে! দর্শকদের সঙ্গে গিয়ে নাচলেন-গাইলেন। বাদ যাননি ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়েরাও। ক্রিস গেইল আর ডোয়াইন ব্রাভো অবশ্য গ্যালারিতে ওঠেননি। গ্যালারির সামনে মাঠে দাঁড়িয়েই ইচ্ছামতো তাল মেলালেন দর্শকদের নাচের সঙ্গে। তবে বিস্ময়কর ব্যাপার, তাঁরা কেউ গ্যাংনাম নাচলেন না! বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের এই নাচ দেখে অভ্যস্ত হয়ে পড়ায় মনে হচ্ছিল তাদের উৎসব মানেই গ্যাংনাম। এখানে তা নয়। কে জানে, উৎসবপ্রিয় এই জাতির হয়তো একেক জায়গার জন্য একেক রকম নাচ আছে।
ক্যারিবীয়রা যখন উৎসবে মত্ত, আসিফ আর অরিন তখন বাংলাদেশ দলের টিম বাসের আশপাশে ঘোরাঘুরি করছেন। স্থানীয় সেন্ট জর্জেস বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের শিক্ষার্থী এই দুই বাংলাদেশি তরুণ-তরুণী। টিম ম্যানেজার হাবিবুল বাশারের কাছ থেকে সৌজন্য টিকিট পেয়ে পাকিস্তানি এক বান্ধবীকে নিয়ে বাংলাদেশের খেলা দেখতে এসেছিলেন। কিন্তু ভাগ্য এতই খারাপ যে তাঁরা মাঠে এসে পৌঁছানোর আগেই ম্যাচ শেষ। আসিফ বলছিলেন, ‘শুক্রবার ছিল তো। জুমার নামাজ পড়ে আসতে আসতে দেরি হয়ে গেল। এসে দেখি খেলা শেষ।’
বাংলাদেশ দল ৭০ রানে অলআউট না হলে অবশ্য আসিফ-অরিনকে খেলা দেখতে না-পারার হতাশায় পুড়তে হতো না। কিন্তু তাঁরা যে হতাশায় পুড়ছেন, সেটাই বা কে বলল! দুজনের মুখেই তো হাসি লেগে আছে! ‘আসলে খেলা না দেখলেও বাংলাদেশের খেলোয়াড়দের তো দেখতে পাব। সে জন্যই এক্সাইটেড আমরা’—বলছিলেন আসিফ। এরপর অটোগ্রাফের খাতা হাতে ঠায় দাঁড়িয়ে থাকলেন টিম বাসের পাশে। বাংলাদেশ দল যে স্মরণকালের মধ্যে সবচেয়ে লম্বা টিম মিটিংটা করল সেদিনই!
আসিফ-অরিন শেষ পর্যন্ত প্রিয় খেলোয়াড়দের দেখা পেয়েছিলেন কি না জানা নেই। তবে দেশের সঙ্গে নাড়ির টানটা খুব কম থাকার পরও যুক্তরাষ্ট্রপ্রবাসী বাবা-মায়ের এই দুই সন্তান যে রকম আবেগ নিয়ে ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছিলেন, একটু অবাকই হলাম। সেন্ট জর্জেস বিশ্ববিদ্যালয়ে তাঁদের মতো আরও ১৫-২০ জন বাংলাদেশি ছাত্রছাত্রী আছেন। তাঁরা কেন খেলা দেখতে এলেন না জানতে চাইলে অরিন বললেন, ‘বাংলাদেশি হলেও আমাদের মতো তাদেরও বেশির ভাগেরই জন্ম যুক্তরাষ্ট্রে। ক্রিকেটের সঙ্গে অতটা পরিচিত নয় তারা।’ সেদিক দিয়ে প্রবল ব্যতিক্রম অরিন আর আসিফ। তাঁরা জানেন বাংলাদেশে ক্রিকেটের কী তুমুল জনপ্রিয়তা, জানেন সাকিব আল হাসান এখন তাঁদের দেশের সবচেয়ে বড় তারকা।
তার চেয়েও অবাক করা ব্যাপার অবশ্য গ্রেনাডায় ইন্টার্নি করতে আসা জেইড নামের এক ব্রিটিশ তরুণীর সাকিবকে চেনা। গ্রেনাডায় শেষ দিন বিকেলে জেইডের সঙ্গে পরিচয় গ্রেনাডিয়ান বাই রেক্স রিসোর্টের গেটে। বাংলাদেশ থেকে ক্রিকেট কাভার করতে এসেছি শুনে আগ্রহভরে জিজ্ঞেস করলেন, ‘সাকিব আল হাসান তো তোমাদেরই ক্রিকেটার, তাই না।’ আমি বিস্মিত এবং সে বিস্ময়টাকে আরও বাড়িয়ে দিয়ে জেইড বলতে লাগলেন, ‘ও তো ভালো ক্রিকেটার। টেলিভিশনে আমি কয়েকবারই তার খেলা দেখেছি।’
কথা বাড়ালে জেইড হয়তো আরও কিছু বলতেন। কিন্তু আমি চুপ মেরে গেলাম। সাকিব এখন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বিব্রতকর নাম। এই নাম শুনলে বিসিবির কেউ কেউ যারপরনাই বিব্রত হন। সাকিববিহীন বাংলাদেশ দল তিন ম্যাচের সিরিজটা গ্রেনাডার দুই ম্যাচেই লজ্জাজনকভাবে হেরে যাওয়ার পর এমনিতেই বিব্রত ভাবটা বেড়ে যাওয়ার কথা।