গ্র্যাভেনিকে বয়কটের শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কতজন ক্রিকেটারের সৌভাগ্য হয় নিজের ছোটবেলার নায়কের সঙ্গে পরে একসঙ্গে খেলার! জিওফ বয়কট সেই সৌভাগ্যবানদের একজন। যাঁর ব্যাটিং দেখে ছোটবেলায় নায়কের আসনে বসিয়েছিলেন, সেই টম গ্র্যাভেনির সঙ্গেই পরে একসঙ্গে খেলেছেন। একটি-দুটি নয়, ১৬টি টেস্ট! ছোটবেলার সেই মুগ্ধতা তাতে কমেনি, বরং বেড়েছে।
ইংল্যান্ডের সাবেক ওপেনারের শৈশবের নায়ক গ্র্যাভেনি পরশু ৮৮ বছর বয়সে চলে গেলেন না-ফেরার দেশে। গত সপ্তাহে চলে গিয়েছিলেন বড় ভাই কেন গ্র্যাভেনি। সেই শোকটাও সামলে ওঠার সুযোগ পেলেন না পঞ্চাশ-ষাটের দশকে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান। তাঁর মৃত্যুশোক নাড়া দিয়েছে বয়কটকেও।
ইংল্যান্ডের জার্সি গায়ে গ্র্যাভেনির অভিষেক হয়েছিল ১৯৫১ সালে, খেলেছেন ১৯৬৯ পর্যন্ত। মাঝে বছর তিনেক দলে ছিলেন না। কিন্তু ওই বিরতির পর ১৯৬৬ সালে দলে ফিরে যেন আগের চেয়েও ধারালো হয়ে উঠেছিলেন। দেশের হয়ে ৭৯টি টেস্টে ৪৪.৩৮ গড়ে ৪৮৮২ রান, ১১টি সেঞ্চুরি। যার ৪টি সেঞ্চুরি ওই বিরতির পর, যখন তাঁর বয়স ৩৯ পেরিয়ে গেছে। বয়কটও তাঁর সঙ্গে খেলেছেন ওই সময়টাতেই। যার স্মৃতিচারণা করতে গিয়ে ভীষণ আবেগাপ্লুত সাবেক ইংলিশ ওপেনার, ‘তাঁর সঙ্গে ব্যাট করা খুবই আনন্দের ছিল। খুবই স্টাইলিস্ট ব্যাটসম্যান ছিলেন, তাঁর খেলা দেখাও দারুণ অভিজ্ঞতা। অসাধারণ ব্যাটসম্যান ছিলেন, প্রথম শ্রেণির ক্রিকেটে ১২২টি সেঞ্চুরি তো এমনি এমনি হয়নি।’ টেলিগ্রাফ।