গ্লাভস বিতর্কে আইসিসির সিদ্ধান্ত মেনে নিল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই গ্লাভস থেকেই বিতর্কের সূত্রপাত! ছবি: এএফপি
এই গ্লাভস থেকেই বিতর্কের সূত্রপাত! ছবি: এএফপি
গ্লাভসে সেনার প্রতীক নিয়ে খেলতে নেমে বিতর্কের জন্ম দিয়েছিলেন ধোনি। বিসিসিআই আইসিসির সিদ্ধান্ত মেনে নেওয়ার মাধ্যমে আপাতদৃষ্টিতে সেই বিতর্কের সমাপ্তি ঘটল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে ধোনি গ্লাভসে প্যারা মিলিটারিদের একটি ব্যাজ পরে মাঠে নামেন। তা নিয়ে শুরু হয় বিতর্ক। কেউ ধোনির প্রশংসায় পঞ্চমুখ তো কেউ আবার উসকানিমূলক হিসেবে দেখছিলেন বিষয়টিকে। আইসিসি জানিয়ে দেয় এটি তাদের পোশাক এবং ক্রীড়া অনুষঙ্গ সম্পর্কিত বিধির স্পষ্ট লঙ্ঘন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুরুতে বিধি লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করছিল। এ নিয়ে বেশ জল ঘোলাও হয়েছে। অবশেষে ভারতের ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান বিনোদ রাই জানালেন গ্লাভস বিতর্কে আইসিসির সিদ্ধান্তকেই মেনে নিচ্ছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ভারত। অনায়াস জয়ে প্রোটিয়াদের ২০১৯ বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারের দুঃস্বপ্ন উপহার দেয়। কিন্তু দক্ষিণ আফ্রিকা ইনিংসের ৪০তম ওভারের একটি ঘটনার রিপ্লে চোখে আটকে যায় সবার। আন্দিলে ফিকোয়াওকে চাহালের বলে স্ট্যাম্পিং করছিলেন মহেন্দ্র সিং ধোনি। সে সময় ধোনির গ্লাভসে একটি প্রতীক রিপ্লের সুবাদে নজরে আসল সবার।

প্রতীকটি ছিল ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের প্যারাসুট রেজিমেন্টের। এর নাম ‘বলিদান ব্যাজ’। ব্যাজটি শুধু প্যারামিলিটারি কমান্ডোরা ব্যবহার করতে পারেন। কিন্তু ধোনি সেই ব্যাজ পড়ে নামলেন বিশ্বকাপের ম্যাচে। আইসিসি বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি। ধোনি এবং বিসিসিআইকে প্রতীকটি সরিয়ে নিতে নির্দেশনা দেয়। কিন্তু প্রতীকটির মাধ্যমে আইসিসির বিধির লঙ্ঘন হচ্ছে না মর্মে আইসিসির কাছে প্রতীকটি গ্লাভসে রাখার আবেদন জানায় বিসিসিআই। আইসিসি সেটা মেনে নেয়নি।

আর বিষয়টি নিয়ে আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিনোদ রাই জানালেন আইসিসির সিদ্ধান্তের মেনে নেওয়ার কথা, ‘আমাদের অবস্থান স্পষ্ট, আমরা আইসিসির মূল্যবোধকে শ্রদ্ধা করি। যদিও আমরা মনে করি, প্রতীকটি কোনোভাবেই বাণিজ্যিক বা ধর্মীয় কোনো বিষয়কে ইঙ্গিত করেনি। তবুও যেহেতু আইসিসি বিষয়টিকে অনুমোদন করছে না আমরা আর ব্যাপারটিকে জটিল করতে চাই না। আমরা আইসিসির নির্দেশনা অনুযায়ীই চলব।’