গড়াপেটাকারী ক্রিকেটাররা 'সন্ত্রাসী হামলার চেয়ে কম ক্ষতি করেনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান জহির আব্বাস। ছবি: এএফপি
পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান জহির আব্বাস। ছবি: এএফপি

জহির আব্বাসকে বলা হতো ‘এশিয়ার ব্র্যাডম্যান’। ব্যাটে যেমন স্ট্রোকের ফোয়ারা ছোটাতেন, তেমনি মুখেও ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের ধুয়ে দিলেন তিনি।

ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকা পাকিস্তানি ক্রিকেটারদের এক অর্থে শ্রীলঙ্কার টিম বাসে বোমা হামলাকারীদের সঙ্গে তুলনা করেছেন জহির আব্বাস।

৭২ বছর বয়সী সাবেক এ ব্যাটসম্যানের মতে, ম্যাচ গড়াপেটাকারীদের সঙ্গে আগে সহনশীলন আচরণ করেছে পাকিস্তান ক্রিকেট। ফিক্সিংকে ফৌজদারি অপরাধের আওতায় নিয়ে আসতে সরকারের কাছে পিসিবির আবেদনের প্রশংসা করেছেন ৭৮ টেস্ট খেলা জহির।

২০০৯ সালে পাকিস্তান সফরে আসা শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলা হয়েছিল। এরপর থেকেই দেশের মাটিতে বড় দলের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারছে না পাকিস্তান। সেই হামলাকারীদের তুলনায় ম্যাচ পাতানো ক্রিকেটাররা পাকিস্তানের কম ক্ষতি করেননি বলে মনে করেন জহির, ‘শ্রীলঙ্কান ক্রিকেট বাসে হামলার মতো ঘৃণিত অপরাধের জন্য আমাদের দেশের বাইরে খেলতে হয়, তেমনি দুর্নীতির কেলেঙ্কারিগুলোও বছরের পর বছর আমাদের ক্রিকেটের কম ক্ষতি করেনি।’

ক্রিকেটারদের জন্য দুর্নীতিকে ক্যারিয়ারের সবচেয়ে ক্ষতিকর বিষয় বলে মনে করেন জহির আব্বাস, ‘শেষ পর্যন্ত ক্ষতিটা পাকিস্তানেরই। আমরাও ভালো কিছু ক্রিকেটার হারিয়েছি। আমি বলব কাউকেই ছাড় দেওয়া উচিত না। এতে ভুল বার্তা দেওয়া হয়। দুর্নীতি একজন ক্রিকেটারের ক্যারিয়ারে সবচেয়ে বড় ক্ষতি করতে পারে।’