গড়াপেটামুক্ত ক্রিকেট চান হ্যাডলি
ক্রিকেট থেকে স্পট ফিক্সিং কেলেঙ্কারির বিষবৃক্ষ উপড়ে ফেলার চেষ্টা চলছে অনেক দিন ধরেই। কিন্তু ম্যাচ গড়াপেটার শিকড় যে কতটা গভীরে প্রোথিত, তার প্রমাণ মেলে যখন খোদ আইসিসি চেয়ারম্যানের বিরুদ্ধেই ফিক্সিং-সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে! নিউজিল্যান্ড কিংবদন্তি রিচার্ড হ্যাডলির মতে, স্পট ফিক্সিংই ক্রিকেটের জন্য সবচেয়ে বড় হুমকি।
তাঁর সময়ে ক্রিকেট ছিল শুধু ব্যাটে-বলের লড়াই। এখন এই লড়াই শুধু মাঠেই সীমাবদ্ধ নেই, লড়াইটা চলছে ‘অক্রিকেটীয়’ শক্তির বিরুদ্ধেও। এসব দেখেই হ্যাডলি চাইছেন, ‘স্পট ফিক্সিংয়ের স্টাম্পই উপড়ে দিতে হবে। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের কঠোর শাস্তি দিতে হবে।’ কঠোর শাস্তির পথও বাতলে দিয়েছেন তিনি, ‘প্রত্যেক ক্রিকেটারকেই এমন একটি চুক্তির আওতায় আনতে হবে, যাতে তারা যদি সন্দেহজনক কিছু দেখতে পায় কিংবা কেউ কোনোভাবে তাদের প্রলোভন দেখাতে চায়, সঙ্গে সঙ্গে সেটি রিপোর্ট করতে হবে। এর পরই নেমে পড়তে হবে তদন্তে। অনেকেই হয়তো জেলে যাচ্ছে, কিন্তু শাস্তিটা পর্যাপ্ত হচ্ছে না। শাস্তির দৃষ্টান্ত গড়তে পারলেই এটা রোধ করা সম্ভব।’ আইএএনএস।