ঘটনাচক্রে সেই তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ জানুয়ারি ২০০৪। মেলবোর্নের সেই রাতটার কথা এখনো মনে আছে ড্যারেন বেরি, জন পোর্টার আর রব ক্যাসলের। সেই রাতের এক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল তাঁদের প্রিয় বন্ধু, সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড হুকসের প্রাণ। প্রায় এক দশক পরে তাঁদের যে আবারও একটা দুর্ঘটনা, আরেকটা করুণ মৃত্যুর সাক্ষী হতে হবে তা কে জানত!
বছর দশেক আগের দিনটাতে ঘরোয়া লিগের একটি এক দিনের ম্যাচে সাউথ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভিক্টোরিয়া। সেদিন রাতে দলবল নিয়ে মেলবোর্নের বিকনসফিল্ড হোটেলে সেই জয়টাই উদ্যাপন করতে গিয়েছিলেন ভিক্টোরিয়ার কোচ ডেভিড হুকস। সঙ্গী ছিলেন ভিক্টোরিয়ার তখনকার অধিনায়ক ড্যারেন বেরি ও তরুণ পেসার রব ক্যাসল। অতিথি হিসেবে সেই পার্টিতে যোগ দিয়েছিলেন সাউথ অস্ট্রেলিয়ার তখনকার ফিজিওথেরাপিস্ট জন পোর্টারও। কিন্তু সেই উদ্যাপনের একপর্যায়ে হোটেলের ‘বাউন্সারে’র সঙ্গে কথা-কাটাকাটি, হাতাহাতি হয় হুকসের। ‘বাউন্সারে’র ঘুষিতে মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পান হুকস। জ্ঞান হারান সেখানেই, পরে মারা যান হাসপাতালে নিয়ে যাওয়ার পর।
প্রায় ১০ বছর পর, সাউথ অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে খেলার সময় নিউ সাউথ ওয়েলস পেসার শন অ্যাবোটের বাউন্সারে মাথায় চোট পেয়ে মাঠেই জ্ঞান হারালেন হিউজ। প্রায় দুদিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা যান গতকাল। যে ঘটনার প্রত্যক্ষদর্শীদের মধ্যে এবারও থাকলেন ওই তিনজন—বেরি, পোর্টার ও ক্যাসল। বেরি এখন সাউথ অস্ট্রেলিয়ার কোচ, ক্যাসল বোলিং কোচ আর পোর্টার এখনো সাউথ অস্ট্রেলিয়ার ফিজিওথেরাপিস্ট। সূত্র: বিদেশি পত্রিকা।