
চিরচেনা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে একটু অন্যরূপেই দেখা গেল কাল। নীরবতায় ঢাকা চারপাশ। একাডেমি মাঠে কিংবা ইনডোরে দেখা মিলল না ক্রিকেটারদের অনুশীলন। জিম্বাবুয়ে সিরিজ শেষেও বাংলাদেশ দল যে খুলনাতেই অনুশীলন করবে। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অনূর্ধ্ব-১৯ দল এখন চট্টগ্রামে। এই অবসরে মিরপুর যেন একটু জিরিয়ে নিচ্ছে।
তবে এমনটা বেশি দিন চলবে না। সামনেই মহাযজ্ঞ। বেজে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ঘণ্টা। শেষ সময়ে মিরপুর এখন ব্যস্ত সেজে উঠতে। রঙের কাজ শেষ। চলছে গ্যালারির ভাঙাচোরা চেয়ার সরিয়ে নেওয়ার কাজ। বসানো হচ্ছে নতুন চেয়ার। দুই-এক দিনের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য আয়োজকদের।
মিরপুরে খেলোয়াড়দের উপস্থিতি না থাকলেও ব্যাটে-বলে শাণ দেওয়ার কাজ হচ্ছে অন্য ভেন্যুগুলোয়। বয়সভিত্তিক ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্ট খেলতে এরই মধ্যে বাংলাদেশে চলে এসেছে সব দল। এ মুহূর্তে ১২ দল আছে ঢাকায়, বাকি ৪টি চট্টগ্রামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এমএ আজিজ স্টেডিয়ামে ঝালিয়ে নিয়েছে নামিবিয়া-ইংল্যান্ড। পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড, ভারত ও কানাডা প্রস্তুতি ম্যাচ খেলেছে বিকেএসপিতে। প্রস্তুতি ম্যাচে জিতেছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, আফগানিস্তান ও ইংল্যান্ড।
কদিন আগেই তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ যুবদল। কাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছন্দটা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৬৩ রানে হারিয়েছেন মিরাজরা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৪ করে টসজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত নভেম্বরে ভারত সফরের তিক্ত অভিজ্ঞতা ভুলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই রানে ফিরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এক দিনের ম্যাচে সর্বোচ্চ রান করা নাজমুল হোসেন। ২৭ জানুয়ারি বিশ্বকাপ শুরু হওয়ার আগে ব্যাটটাকে আরও ঝালিয়ে নিলেন নাজমুল। খেললেন ১০২ রানের ঝলমলে ইনিংস। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৫০ ওভারে জিম্বাবুয়ে করতে পেরেছে ৭ উইকেটে ২২১। জিম্বাবুয়ের রায়ান মারে খেলেছেন ১২৩ রানের ইনিংস। বাংলাদেশের আট বোলারের মধ্যে সফলতম পেসার আবদুল হালিম, ৪৬ রানে নিয়েছেন ২ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে জয়—খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুর রহমান, ‘গত চার ম্যাচে প্রস্তুতি ভালোই হয়েছে। যতটা প্রয়োজন ছিল, তারা তা করেছে। বিশেষ করে ব্যাটসম্যানদের রান পাওয়া দরকার ছিল। শান্ত (নাজমুল হোসেন), পিনাক (ঘোষ) রান পেয়েছে। চার ম্যাচেই বোলারদের ধারাবাহিকতা ছিল। ছেলেরা আসল পরীক্ষা দিতে তৈরি।’
অবশ্য তার আগে কাল একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। এর পর ২৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিরাজদের বিশ্বকাপ অভিযান।