ঘণ্টায় ১৬০ কিমি, কৃতিত্ব বোলারের নাকি পাখির!

নিল ওয়াগনার হয়তো ভালোমতো খেয়ালই করেননি। করলে আলাদা করেই উদযাপন করার কথা ছিল তাঁর। ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে বল করা? ইতিহাসে খুব বেশি বোলার তা করে দেখাতে পারেনি। কিন্তু বলটা সাদা চোখে দেখার পর সবারই বিশ্বাস করতে কষ্টই হচ্ছে। এই বলের গতি ১৬০ কিমি! কিউই পেসার তাঁর ১৭ টেস্টের ক্যারিয়ারে কখনোই এর ধারে-কাছের গতিতেও বল করেননি।
ডানেডিনে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টের সম্প্রচারের দায়িত্বে আছে স্কাই স্পোর্টস। তাঁদের কাছেই খোঁজ নিয়েছিল নিউজিল্যান্ডের সাংবাদিকেরা। বলের গতি মাপার যে যন্ত্র, সেই স্পিডগান বিগড়ে যায়নি তো? স্কাই স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে, স্পিডগান ঠিকই আছে। তবে তারাও মনে করে, কোনো একটা গড়বড় হয়েছে। এই বলের গতি ১৬০ কিমি হওয়ার কথা নয়।
কিন্তু কী সেই গড়বড়, সেটাই এখনো কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেনি। স্কাই স্পোর্টসের ধারণা, ইউনিভার্সিটি ওভাল মাঠে যে দুটো স্পিডগান বসানো আছে, তারই একটিতে হয়তো উড়ে যাওয়া কোনো পাখি (সিগাল) বলটি ডেলিভারি করার সময় ধরা পড়েছিল। এ কারণেই এই বিভ্রান্তি হতে পারে। আবার এও অনুমান করা হচ্ছে, লেজার রশ্মির কারণেই এমনটা হয়তো হয়েছে।
শ্রীলঙ্কার ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলে দিনেশ চান্ডিমালকে বলটি করেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটকে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়া এই পেসার। তাঁর ফুল লেংথের বলটি ১৬০ কিমি গতি ওঠার পর এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে। অনেকেই প্রশ্ন তোলেন গতি নিয়ে। পরে পরীক্ষা করে দেখা যায়, বলটির ওয়াগনারের স্বাভাবিক গড় গতিতেই করা হয়েছে ঘণ্টায় ১৩৩ কিমি।
মাত্রই কদিন আগে নিউজিল্যান্ডেরই বিপক্ষে পার্থে মিচেল স্টার্ক ১৬০.৪ কিমি গতিতে একটি বল করে রস টেলরকে। যেটি টেস্ট ইতিহাসেরই দ্রুততম বল। ক্রিকেট মাঠে সবচেয়ে দ্রুততম বলটির রেকর্ড শোয়েব আখতারের। ক্রিকেট মাঠে ১৬০ কিমি গতিতে বল করার কীর্তি আছে আর মাত্র তিনজনের। শোয়েবসহ এই চারজনই দ্রুততম বলটি করেছিলেন ওয়ানডে ম্যাচে। স্টার্ক করেছেন টেস্টে। আর জেফ টমসনের বলের গতি রেকর্ড করা হয়েছিল পরীক্ষাগারে।
সবচেয়ে দ্রুতগতির বোলারদের তালিকা
| বোলার | বলের গতি |
| শোয়েব আখতার(পাকিস্তান) | ১৬১.৩ কিমি/ঘণ্টা |
| শন টেইট (অস্ট্রেলিয়া) | ১৬১.১ কিমি/ঘণ্টা |
| ব্রেট লি (অস্ট্রেলিয়া) | ১৬০.৮ কিমি/ঘণ্টা |
| জেফ টমসন (অস্ট্রেলিয়া) | ১৬০.৪ কিমি/ঘণ্টা |
| মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) | ১৬০.৪ কিমি/ঘণ্টা |
দেখুন ওয়াগনারের বলটির ভিডিও: