ঘনিয়ে আসছে বিদায়ের ক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার সাঙ্গাকারা
কুমার সাঙ্গাকারা

শুরুটা হয়েছিল বছর চারেক আগে-পরে। কিন্তু শেষটা এসে মিলিয়ে দিল দুজনকে। কলম্বোর পি সারাভানামুত্তু ওভালে ২০ আগস্ট ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে নামবেন কুমার সাঙ্গাকারা। একই দিন ওভালে শুরু হতে যাওয়া অ্যাশেজের পঞ্চম টেস্ট দিয়েই ক্যারিয়ার শেষ হচ্ছে মাইকেল ক্লার্কের। দুটি টেস্টই যদি পঞ্চম দিন পর্যন্ত গড়ায়, তাহলে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটসম্যানের শেষটাও হতে পারে একই দিনে। কাকতাল বৈকি!
বিদায়ের ধরনে অবশ্য পার্থক্য আছে। এজবাস্টনে অ্যাশেজের তৃতীয় টেস্টের পরও যে ক্লার্ক বলেছিলেন, আপাতত ক্রিকেট ছাড়ার কোনো ইচ্ছে নেই তাঁর, তিনিই ট্রেন্ট ব্রিজে পরের টেস্টে হেরে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যর্থতার দায় নিয়ে। অন্যদিকে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুটি টেস্ট খেলে ক্যারিয়ার শেষ করার ঘোষণাটা সাঙ্গাকারা দিয়ে রেখেছেন গত জুনেই। যদিও শ্রীলঙ্কান ক্রিকেটে কান পাতলে এখনো শোনা যাবে সাঙ্গাকারার প্রতি আরও কিছুদিন খেলে যাওয়ার আকুতি!
বিশ্বকাপের পরপরই ওয়ানডের পাশাপাশি টেস্ট ক্রিকেটকেও বিদায় বলে দেওয়ার ইচ্ছে ছিল সাঙ্গাকারার। তখন শ্রীলঙ্কার নির্বাচকদের অনুরোধে আরও চারটি টেস্ট খেলার প্রতিশ্রুতি দেন। সেই চারটি টেস্টের দুটি খেলেছেন সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে সিরিজে। বাকি দুটির প্রথমটি শুরু হচ্ছে কাল থেকে, ভারতের বিপক্ষে গলে।
কিংবদন্তির শেষের শুরু, তাই শ্রীলঙ্কা-ভারত সিরিজের আবহসংগীত হিসেবেও বাজতে শুরু করেছে সাঙ্গাকারার বিদায়রাগিণী। যে সুরে আবেগাপ্লুত প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলিও, ‘অসাধারণ মানুষ, অসাধারণ ক্রিকেটার। ওর একটা দারুণ বিদায় প্রাপ্য এবং আমরা সে জন্য প্রস্তুতিও নিচ্ছি।’ সেই প্রস্তুতির ধরন শুনলে সাঙ্গাকারা নিশ্চয়ই হাসবেন! কোহলি যে বলেই দিয়েছেন, ‘আশা করি, আমরা তাঁকে অল্প রানেই আউট করতে পারব।’
টেস্টে ১২৩০৫ রান আর ৩৮ সেঞ্চুরি। এই ৩৮টি সেঞ্চুরির মধ্যে ১১টিই ডাবল। এখনো হাতছানি দিচ্ছে আরেক কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ১২টি ডাবল সেঞ্চুরির রেকর্ডটা। যদিও অবসর ঘোষণার সময়ই বলেছিলেন, ‘আমি ব্যক্তিগত রেকর্ডের জন্য ক্যারিয়ারটাকে লম্বা করতে চাই না।’ গত বছর বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন। আর গত বিশ্বকাপের পর অবসর নেন ওয়ানডে থেকেও। বিদায়ী বিশ্বকাপেই গড়েন টানা চার সেঞ্চুরির রেকর্ড।
এখনো খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রানও সাঙ্গাকারারই। দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু মাহেলা জয়াবর্ধনের চোখেও তিনিই শ্রীলঙ্কার ইতিহাসের সেরা ব্যাটসম্যান। বন্ধুর বিদায়লগ্নে আবেগাপ্লুত জয়াবর্ধনে বলেছেন, ‘আমি খুব সহজ ভাষায় বলি, শ্রীলঙ্কার ইতিহাসে সাঙ্গাকারাই সেরা ব্যাটসম্যান। আবেগের কারণেই সব শ্রীলঙ্কানের কাছে অরবিন্দ ডি সিলভা প্রিয় খেলোয়াড় হয়ে থাকবেন, এমনকি আমার কাছেও। কিন্তু পরিসংখ্যান বলছে সাঙ্গাকারার অসাধারণ অর্জনের কথা। ৬০টির বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি (টেস্টে ৩৮, ওয়ানডেতে ২৫), আরও কত ঈর্ষণীয় সংখ্যা!’
এমন অসাধারণ ক্যারিয়ারের এক ব্যাটসম্যানের শেষটাও যাতে দারুণ হয়, সেই প্রত্যাশা জয়াবর্ধনের, ‘আশা করছি সিরিজটা জিতে সাঙ্গাকারাকে বিদায়ী উপহার দেবে শ্রীলঙ্কা।’ এএফপি।