ঘর থেকেই রিচি বেনোর ধারাভাষ্য

ক্রিকেট খেলা ছেড়েছেন অনেক আগে। সেই ১৯৬৪-তে। কিন্তু ক্রিকেট অঙ্গনে রিচি বেনোর পদচারণ থামেনি। শুরু হয়েছিল নতুনভাবে। ধারাভাষ্যকার হিসেবে।
খেলোয়াড়ি জীবনের মতো ধারাভাষ্যকার হিসেবেও কিংবদন্তির সম্মান পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। গত বছরের শেষে সড়ক দুর্ঘটনার কারণে জীবন সংশয়ে পড়েছিলেন বেনো। শেষ পর্যন্ত অবশ্য সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু অ্যাশেজ সিরিজে আসতে পারেননি মাঠে।
এবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বেনোর ধারাভাষ্য থেকে যেন দর্শকদের বঞ্চিত হতে না হয়, সে জন্য অভিনব এক উদ্যোগই নিতে যাচ্ছে চ্যানেল নাইন।
অস্ট্রেলিয়ার এই চ্যানেলটি এমন ব্যবস্থা করবে যেন ঘরে বসেই ধারাভাষ্য দিতে পারেন বেনো। চ্যানেল নাইনের প্রধান নির্বাহী ডেভিড জিনজেল সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমি তাঁকে এমন প্রস্তাবই দিয়েছি। যদি তিনি মাঠে আসতে না পারেন, তাহলে তিনি নিজ বাড়ি থেকেই ধারাভাষ্য দেবেন।’
১৯৬০ সালে বিবিসি রেডিওর হয়ে ধারাভাষ্যকারের জীবন শুরু করেছিলেন বেনো। তিন বছর পর যোগ দেন বিবিসি টেলিভিশনে। ১৯৬৪ সালে ক্রিকেটকে বিদায় বলার পর পুরোদমে শুরু করেন ধারাভাষ্যকারের ক্যারিয়ার।
২০০৫ সালে বিবিসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলেছিলেন বেনো। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের সঙ্গে কাজ করছেন ১৯৭৭ সাল থেকে। চ্যানেল নাইনের প্রধান নির্বাহী এর আগে একবার বেনোকে অভিহিত করেছিলেন ‘জাতীয় সম্পদ’ হিসেবে।— এএফপি