ঘরে থাকুন, উপভোগ করুন ক্রিকেটের অতীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন অনেক পুরোনো খেলাই দেখা যাবে আইসিসির আর্কাইভে। ছবি: আইসিসি
এমন অনেক পুরোনো খেলাই দেখা যাবে আইসিসির আর্কাইভে। ছবি: আইসিসি

করোনা-আতঙ্কে সারা পৃথিবীর মানুষ নিজেদের ঘরবন্দী করে ফেলেছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই। ব্যবসা-বাণিজ্য বন্ধ, কাজ হচ্ছে না অফিস আদালতেও। এমন অদ্ভুত সময় এই দুনিয়ার মানুষ কখনো কাটিয়েছে কিনা, সন্দেহ। বাড়িতে বসে বসে মানুষের সময় কাটানোই যখন সমস্যা, তখন এগিয়ে এসেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। নিজেদের ওয়েবসাইটে গত ৪৫ বছরের আর্কাইভ উন্মুক্ত করে দিয়েছে তারা। উদ্দেশ্য, করোনার এই সময় ঘরে বসে সবার সময়টা যেন ইতিহাসে চোখ বুলিয়ে দিব্যি কেটে যায়।

আইসিসির কাছে আছে স্মরণীয় সব ক্রিকেট ম্যাচের ভান্ডার। ১৯৭৫ সাল থেকে এখনো পর্যন্ত পছন্দনীয় ম্যাচ ক্লিক করেই ক্রিকেটপ্রেমীরা ডুবে যেতে পারবেন নস্টালজিয়ায়। ৫০ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, মেয়েদের বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি থেকে শুরু করে অনেক খেলাই পাওয়া যাবে আইসিসির আর্কাইভে।

এর পাশাপাশি আইসিসির ফেসবুক পেজের ‘ওয়াচ পার্টি’তে যোগ দিয়ে ক্রিকেটপ্রেমীরা ক্রিকেটের অনেক ঐতিহাসিক খেলা উপভোগ করতে পারবেন। ফেসবুক পেজে এই খেলাগুলো নতুন করে আপলোড করা থাকবে। এ ছাড়া বিভিন্ন ম্যাচের হাইলাইটস ও বিভিন্ন ডকুমেন্টারিও আইসিসির ফেসবুক পেজে পাওয়া যাবে। আইসিসির ওয়েবসাইট, মোবাইল অ্যাপসে নিজেদের মতামত ও চাহিদার কথাও জানাতে পারবেন সবাই।

এ ব্যাপারে আইসিসির প্রধান নির্বাহী মানো সাওনি, ‘আমরা নজিরবিহীন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময় ক্রীড়া শিল্পে আমরা যারা আছি, তাদের উচিত ভক্তদের সঙ্গে বেশি বেশি সংযোগ স্থাপন করা। এটা অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি প্রয়োজন। এ ব্যাপারে একটা ভালো ব্যাপার হতে আমাদের নিজেদের আর্কাইভ খেলাপ্রেমীদের জন্য উন্মুক্ত করে দেওয়া। যাতে অতীতের দুর্দান্ত মুহূর্তগুলো নতুন উপভোগ করতে পারে সবাই।’