ঘরে নিজেকে চেনালেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়ন জাজ জানেওয়াত্তানান্দের সঙ্গে রানারআপ সিদ্দিকুর রহমানের দিন শেষে শুভেচ্ছা বিনিময়। দুজনই হয়তো পরস্পরকে বললেন, ‘ওয়েল ডান!’ কাল কুর্মিটোলা গলফ ক্লাবে l শামসুল হক
চ্যাম্পিয়ন জাজ জানেওয়াত্তানান্দের সঙ্গে রানারআপ সিদ্দিকুর রহমানের দিন শেষে শুভেচ্ছা বিনিময়। দুজনই হয়তো পরস্পরকে বললেন, ‘ওয়েল ডান!’ কাল কুর্মিটোলা গলফ ক্লাবে l শামসুল হক

একটি লাল-সবুজ পতাকা নিয়ে সিদ্দিকুর রহমানের পেছনে পেছনে দিনভর হাঁটলেন দুই তরুণ। সঙ্গে আরও অনেকে। একটা সময় দৃশ্যটাকে মনে হচ্ছিল হ্যামিলিনের বাঁশিওয়ালার সেই গল্পের মতো। সিদ্দিকুর যেখানে গল্পের নায়ক।

এই শিরোপাটা জিতলে দেশের মাটিতে নিজের প্রথম ট্রফি হতো বাংলাদেশের সেরা গলফারের, এ কারণেই সবাই তাঁকে ছায়ার মতো অনুসরণ করতে থাকলেন সারাটা দিন। শেষ পর্যন্ত অবশ্য সবাই যা দেখতে চাইছিলেন, সেই ট্রফিটা হাতে তোলা হয়নি সিদ্দিকুরের। ওটা তুলেছেন প্রথম তিন রাউন্ডে এগিয়ে থাকা থাই চনমনে তরুণ জাজ জানেওয়াত্তানান্দই। তবে সিদ্দিকুর নিরাশ করেননি, ঘরের কোর্সে রানারআপ হয়ে দেখালেন নিজের সেরা নৈপুণ্য।

দিনের শেষ হোলের আগেই নির্ধারিত হয়ে যায় শেষ দিনে দারুণভাবে জমে ওঠা বসুন্ধরা বাংলাদেশ ওপেনের ভাগ্য। শেষ হোলে ডাবল বগি না করলে সিদ্দিকুরের রানারআপ হওয়ার ব্যাপারে আর কোনো অনিশ্চয়তা ছিল না। তারপরও শেষ হোলের খেলা দেখতে কুর্মিটোলা গলফ ক্লাবে উপচে পড়া ভিড়। সিদ্দিকুর শট নেওয়ার সময় পিনপতন নীরবতা। তৃতীয় শটটা লক্ষ্যে পৌঁছাল সবাইকে আনন্দে ভাসিয়ে, বার্ডি!

চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় শাণিত সিদ্দিকুরের জন্য এ এক নতুন অভিজ্ঞতা, নতুন দিন। ঘরের কোর্সে কখনো এভাবে দর্শক-শুভাকাঙ্ক্ষীদের মুগ্ধ করতে পারেননি। এই কোর্সে এর আগে দুটি বাংলাদেশ ওপেনে তাঁর অবস্থান ছিল খুবই বাজে। ৩৮ ও ৩৫তম। গতবার সাখাওয়াৎ হোসেন সোহেলের ষষ্ঠ হওয়াই ছিল ঘরের কোর্সে এশিয়ান ট্যুরে বাংলাদেশের সেরা সাফল্য। সেটি এবার ছাপিয়ে মরিয়া সিদ্দিকুর নিজেকে চেনালেন আরও একবার।

দুটি এশিয়ান ট্যুর জিতেছেন আগেই। তৃতীয় শিরোপা জেতা ছিল কঠিনই। কারণ, আগের দিন পাঁচ আন্ডার পার বেশি নিয়ে ওপরে থাকা থাই গলফার জাজের সম্ভাবনাই ছিল বেশি। সেই সম্ভাবনাকে সাফল্যে অনুবাদ করতে শেষ রাউন্ডে ভালোও খেলেছেন ২১ বছর বয়সী গলফার। মাত্র ১৪ বছর ৭১ দিন বয়সে পেশাদার জগতে পা রেখে রেকর্ড গড়েছেন জাজ। এর আগে সর্বোচ্চ তৃতীয় হয়েছিলেন এশিয়ান ট্যুরে। অবশেষে নিজের প্রথম এশিয়ান ট্যুর জিতে পূরণ হলো এই তরুণের স্বপ্ন, ঢাকার বিরিয়ানি যাঁর খুব পছন্দ।

কিন্তু ঘরের কোর্সে সিদ্দিকুরের বড় ট্রফি জেতার স্বপ্নটা থাকল অপূর্ণই। তাতে কী, প্রথম দিনের ২৯তম অবস্থান থেকে যেভাবে বাকি তিন দিনে ঘুরে দাঁড়িয়েছেন, এককথায় অনবদ্য। প্রথম দিনে ট্রিপল বগি না করলে হয়তো চ্যাম্পিয়নও হয়ে যেতে পারতেন!

শেষ দিনের শুরুতে দ্বিতীয় হোলে বার্ডি করেন সিদ্দিকুর, চতুর্থ হোলে আবার বার্ডি। সব মিলিয়ে এদিন বার্ডি ৬টি। দশ-এগারো হোল পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেঁচে ছিল তাঁর। কিন্তু ত্রয়োদশ হোলে দিনের প্রথম বগি করে ফেলায় আর ফেরার সুযোগ পাননি। সব মিলিয়ে চার দিনে পারের চেয়ে ১৩ শট কম খেলেছেন। জাজ ১৭ শট কম। তাই তাঁর পুরস্কারের অঙ্কটাও বড়—৫৪ হাজার মার্কিন ডলার, সিদ্দিকুর পেয়েছেন ৩৩ হাজার।

পুরস্কার বিতরণীতে জাজ-সিদ্দিকুরের হাসিমুখ দেখে একটু দূরে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলেন তৃতীয় দিন পর্যন্ত দ্বিতীয় স্থানে থাকা শুভংকর শর্মা। শেষ দিনে স্নায়ুচাপের কাছে হার মেনে যৌথভাবে চতুর্থ হয়েছেন এই ভারতীয় গলফার। যুক্তরাষ্ট্রের ডজ কেমার পারের চেয় ১১ শট কম খেলে তৃতীয়।

টুর্নামেন্টের সেরা অ্যামেচার গলফার বাংলাদেশের মোহাম্মদ আকবর (৬৫তম)। পারের চেয়ে ৫ শট কম খেলে দুলাল হোসেন যৌথভাবে পঞ্চদশ ও পারের সমান শট খেলে জামাল হোসেন মোল্লা ২৬তম। সজীব আলী ও মোহাম্মদ নাজিম যৌথভাবে ৩৮তম। অন্যদের অবস্থান আরও পেছনে। তবে সিদ্দিকুরের রানারআপ হওয়ার দিনে এসব নিয়ে আর কে ভাবে!