ঘরের মাঠে আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা জিম্বাবুয়েকে দিয়ে। এরপর পাকিস্তান। ঘরের মাঠে টানা ১০ ম্যাচজয়ী বাংলাদেশের জয়রথ থামল ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে। ওয়ানডেতে নিজের দেশে আধিপত্য অবশ্য বাংলাদেশ এককভাবেই দেখাচ্ছে না। গত আট মাসের পরিসংখ্যান বলছে, ওয়ানডেতে নিরঙ্কুশ আধিপত্যই ছিল স্বাগতিকদের। এই সময়টায় ৭৫টি ওয়ানডে ম্যাচের ৬১টিতেই জিতেছে স্বাগতিকেরা, হেরেছে মাত্র ১০টিতে। জয়-পরাজয়ের অনুপাত ৬: ১।
শুধু ২০১৫ সালের হিসাব করলে স্বাগতিকদের জয়-পরাজয়ের অনুপাত দাঁড়ায় ৬.৫: ১ (৩৯ জয়, ৬ হার)। অনুপাতটা আগের রেকর্ডের চেয়ে এক লাফেই কয়েক গুণ বেড়ে গেছে। এর আগে স্বাগতিকদের সফলতম বছর ছিল ১৯৮৯ সাল। সেবার জয়-পরাজয়ের অনুপাত ছিল ১.৭৫: ১ (৩৭-২২)।
গত আট মাসে স্বাগতিকদের জয়ের হার বেড়ে গেলেও ২০১৪ সালে প্রথম ১০ মাসে ছিল পুরোই উল্টো পরিস্থিতি। ওই সময়ে ৬৭ ওয়ানডের ৩৬টিতেই হারে স্বাগতিকেরা, জয় পায় ২৮টিতে। তথ্যসূত্র: ক্রিকইনফো।