ঘরের মাঠে এমন কিছু কখনো দেখেননি ওয়ার্নার
সিডনি টেস্টে শুরু থেকেই ব্যাপারটা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সব জায়গায়। ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পাওয়া ডেভিড ওয়ার্নারকে তড়িঘড়ি করে তৃতীয় টেস্টে ফিরিয়ে আনার সিদ্ধান্তটা কতটুকু যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। ওয়ার্নার নিজেও ম্যাচ শুরুর আগে জানিয়েছিলেন, তিনি ফিট নন। টেস্টের দুই ইনিংসে ব্যাট হাতে এই ওপেনারের ব্যর্থতা যেন সে কথাকেই সত্যি প্রমাণ করল।
প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের বলে আউট হওয়া ওয়ার্নার দ্বিতীয় ইনিংসে শিকার হয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। ২৯ বলে মাত্র ১৩ রান করে ফিরেছেন তিনি। অর্থাৎ এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ওয়ার্নারের সংগ্রহ মাত্র ১৮ রান (৫ ও ১৩)। এর আগে ঘরের মাঠে কোনো টেস্টের দুই ইনিংস মিলিয়ে এত কম রান করে কখনো আউট হননি এই অস্ট্রেলিয়ান ওপেনার।
তবে আজ তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া কিন্তু শক্ত অবস্থানে। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০৩ রান নিয়ে দিন পার করেছেন স্টিভেন স্মিথ (২৯*) ও মারনাস লাবুশেন (৪৭*)। হাতে দুই দিন ও ৮ উইকেট রেখে দুই ইনিংস মিলিয়ে এর মধ্যেই ১৯৭ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।
এর আগে ২০১২ সালে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে প্রথম ইনিংসে এক অঙ্কে আউট হওয়া ওয়ার্নার দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি। ২০১১ সালে ব্রিসবেনের গ্যাবায় নিজের অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ রান করেছিলেন, কিন্তু সেবার দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন তিনি। তাই দেশের মাটিতে দুই ইনিংসে আউট হয়েছেন, এমন টেস্টগুলোর মধ্যে এই টেস্টেই সবচেয়ে কম রান করেছেন ওয়ার্নার। চোট নিয়ে ফিরে এমন ‘পুরস্কার’ তিনি হয়তো চাননি!
অশ্বিনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছেন এই তারকা। অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে অশ্বিনের বলে পাঁচবার আউট হয়েছেন এই ওপেনার। এর মধ্যে রান তুলতে পেরেছেন মাত্র ৩৬। অর্থাৎ অশ্বিনের বলে প্রতি ৭.২ রান তুলতে একবার করে আউট হচ্ছেন ওয়ার্নার। দশম ওভারে ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে যে অশ্বিনকে আক্রমণে এনে তেমন ভুল করেননি, এটাই তার প্রমাণ।
ওয়ার্নার সফল না হলেও স্টিভেন স্মিথ ও লাবুশেন অস্ট্রেলিয়াকে ধরে রেখেছেন শক্ত হাতে। এই দুজনের ব্যাটে চড়েই এই টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। ৬ চার মারার পথে ৬৯ বল খেলে ‘সেট’ লাবুশেন। স্মিথের ৬৩ বলের ইনিংসে রয়েছে ৩টি চারের মার। ভারতের হয়ে ১টি করে উইকেট মোহাম্মদ সিরাজ ও অশ্বিনের।