
লাহোরের পথে পথে কড়া নিরাপত্তা, ক্রিকেটপাড়ার আশপাশে বন্ধ সব দোকানপাট আর হাজার হাজার পুলিশে ঘিরে থাকা স্টেডিয়াম। এসবের মধ্যেই প্রায় ছয় বছর পর পাকিস্তানে ফিরল ক্রিকেট-উৎসব। গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে পাকিস্তানকে দিয়েছিল ১৭২ রানের চ্যালেঞ্জ। ৫ উইকেট হাতে রেখে ৩ বল বাকি থাকতেই জিতে আন্তর্জাতিক ক্রিকেটের পাকিস্তানে ফেরাটা স্মরণীয়ই করে রাখল স্বাগতিকেরা।
ওপেনিং জুটিতেই আসলে ম্যাচটা নিজেদের করে নেয় পাকিস্তান। মুখতার আহমেদ ও আহমেদ শেহজাদ মিলে রীতিমতো ধ্বংসযজ্ঞই চালিয়েছেন। ৪৫ বলে ৮৩ রান করেছেন মুখতার, শেহজাদ ৩৯ বলে ৫৫। ১৩.৩ ওভারে মুখতার যখন প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হলেন, স্কোরকার্ডে ১৪২ রান। এরপর ঝটপট কয়েকটি উইকেট ফেলে দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল জিম্বাবুয়ে, কিন্তু লাভ হয়নি।
তার আগে দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা আর ভুসি সিবান্দার ৫৮ রানের ভিতে দাঁড়িয়ে ৩৫ বলে ৫৪ রানের ঝলমলে ইনিংস খেলেছেন অধিনায়ক এলটন চিগুম্বুরা। ৮ চার ও ১ ছক্কায় সাজানো তাঁর ইনিংস শেষ হয় ওয়াহাব রিয়াজের বলে। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট মোহাম্মদ সামির, সফলতম বোলারও তিন বছর পর পাকিস্তান দলে ফেরা ডানহাতি এই পেসার। টেন ক্রিকেট।