ঘরোয়া ক্রিকেট নিয়ে পুরোনো প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেও অনেকবার এমন প্রতিশ্রুতি শোনা গেছে। কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়েছে খুব কমই। কাল আরও একবার নতুন করে শোনা গেল প্রতিশ্রুতিটা। যেকোনো মূল্যে ঘরোয়া ক্রিকেটের সূচি ঠিক রাখা হবে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে জাতীয় দলের খেলোয়াড়েরা খেলার সুযোগ না পেলেও এই সূচির নড়চড় হবে না।
আসন্ন ঘরোয়া ক্রিকেট মৌসুম সামনে রেখে বিসিবির সংশ্লিষ্ট কমিটিগুলোর সমন্বয় সভা শেষে কাল এই প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা প্রধান নাঈমুর রহমান। সঙ্গে ছিলেন মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে ঘরোয়া ক্রিকেটকে বিঘ্নিত না করার পক্ষে উচ্চকণ্ঠ তিনিও।
সভা শেষে হওয়া এক সংবাদ সম্মেলনে আসন্ন মৌসুমের মূল চারটি প্রতিযোগিতার সম্ভাব্য সময় ঘোষণা করেছেন নাঈমুর রহমান। জাতীয় লিগ ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ৮ নভেম্বর। ২৫ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বিপিএল। বিসিএল চলবে ৫ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ঢাকা প্রিমিয়ার লিগ ১১ মার্চ থেকে ৯ মে। ‘ক্লাব বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের চাহিদা থাকে। কিন্তু বাস্তব কারণে এখন আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়েছে। জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ নির্ভর করবে তাদের পাওয়ার ওপর। ঘরোয়া ক্রিকেট এক জায়গাতেই থাকবে’—বলেছেন নাঈমুর। এই চারটি প্রতিযোগিতার সময় ঠিক রেখেই মাঠে গড়াবে অন্যান্য লিগ। মাঠ, খেলোয়াড় ও আম্পায়ারদের সহজলভ্যতা, জাতীয় স্বার্থ সবকিছু চিন্তা করে এবং সবার মতামত নিয়েই ঘরোয়া ক্রিকেট নিয়ে এই প্রস্তাব বলে জানিয়েছেন তিনি। পরবর্তী বোর্ড সভায় অনুমোদনের জন্য তোলা হবে এসব।
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার মধ্যেও ঘরোয়া ক্রিকেটের চাকা সচল রাখার চিন্তাটা আদর্শ, সন্দেহ নেই। কিন্তু অতীতে যে এসব চিন্তা বারবারই মার খেয়েছে ক্লাবশক্তির কাছে! জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাচ্ছে না বলে মাঝপথে লিগ বন্ধ, সিরিজের মাঝখানে ‘এ’ দলের খেলোয়াড়কে নিয়ে গিয়ে ক্লাবের পক্ষে খেলিয়ে দেওয়া—এ রকম উদাহরণ অনেক। ভবিষ্যতেও এমন পরিস্থিতি সৃষ্টি হলে নিজেদের সিদ্ধান্তে কতটা কঠোর থাকতে পারবে বিসিবি? নাঈমুর দায়িত্বটা একার কাঁধে নিচ্ছেন না, ‘সিসিডিএম যদি ক্লাবগুলোর সঙ্গে সেভাবে আলাপ করে, তাহলেই আর সমস্যা হয় না। এই প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো সিসিডিএমের অধীনে, সেগুলো তারাই সুপারিশ করেছে। আমরা হয়তো একটু এদিক-সেদিক করেছি। যেগুলো টুর্নামেন্ট কমিটির অধীনে, সেগুলো তাদের সুপারিশ। তা ছাড়া বোর্ড সভাপতিও আগে বলেছেন, আমরা এখন থেকে জাতীয় দলের খেলোয়াড়দের বাইরে রেখে ঘরোয়া ক্রিকেট চিন্তা করব।’
সঙ্গে অবশ্য একটা ‘ফুটনোট’ও দিয়ে রেখেছেন, জাতীয় স্বার্থে কোনো খেলোয়াড়ের পারফরম্যান্স দেখার জন্য প্রয়োজনে তাঁকে বোর্ডই ঘরোয়া ক্রিকেটে খেলাবে। একই সঙ্গে বোর্ড প্রয়োজন মনে করলে ঘরোয়া ক্রিকেট চলাকালে কাউকে বিশ্রামও দিতে পারবে। দেশের ক্রিকেটের স্বার্থেই সুপারিশগুলোর বাস্তবায়ন জরুরি মনে করেন তিনি, ‘প্রতিবছরই যদি জাতীয় ক্রিকেটারদের কথা ভাবতে হয়, তাহলে তো ঘরোয়া ক্রিকেটই হবে না!’
ঘরোয়া ক্রিকেটের সম্ভাব্য সময়
জাতীয় লিগ ১৭ সেপ্টেম্বর থেকে
৮ নভেম্বর
বিপিএল ২৫ নভেম্বর থেকে
২৫ ডিসেম্বর
বিসিএল ৫ জানুয়ারি থেকে
২০ ফেব্রুয়ারি
প্রিমিয়ার লিগ ১১ মার্চ থেকে ৯ মে