ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন তাসকিন-সানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চূড়ান্তভাবে বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অধিকার হারিয়েছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। কালই এটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ থাকলেও এই দুজন এ সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি সাপেক্ষে ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন বলে জানা গেছে। তবে আইসিসি নীতিমালার ৬.১ ধারা অনুযায়ী তাসকিন ও আরাফাত সানির বোলিং নিষেধাজ্ঞা বলবৎ থাকবে অন্য সদস্যদেশগুলোর ঘরোয়া ক্রিকেটেও।
বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়ে আইসিসি জানিয়েছে, বোলিংয়ের সময় বেশির ভাগ ক্ষেত্রেই আরাফাত সানির কনুই অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। আর তাসকিনের প্রতিটি বলই বৈধ নয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি খেলেই অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন তাসকিন ও আরাফাত। এর পরপরই আইসিসি অনুমোদিত চেন্নাইয়ের শ্রীরামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিজেদের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন এই দুই বোলার। ১২ মার্চ পরীক্ষা দেন আরাফাত সানি, ১৫ মার্চ তাসকিন। গত বুধবার পাকিস্তানের বিপক্ষে সুপার টেনে ম্যাচটিই হয়ে থাকল আপাতত দেশের হয়ে তাঁদের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের টেকনিক্যাল কমিটির অনুমতি সাপেক্ষে প্রতিযোগিতার বাকি ম্যাচগুলোর জন্য এখন এই দুই বোলারের বদলি খুঁজবে বাংলাদেশ।