ঘরোয়া ক্রিকেটে ফিরছেন শাহাদাত

মুশফিকুর রহিমের ডাকে সাড়া দিয়ে মোহামেডানের সঙ্গে অনুশীলন করেছেন। মোহামেডান তাঁর জন্য জার্সিও বানিয়ে রেখেছিল। অথচ বিসিবির শৃঙ্খলা কমিটি কাল সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শাহাদাত হোসেন কিনা প্রিমিয়ার লিগ খেলবেন আবাহনীর হয়ে! কাল মিরপুরে মোহামেডানের বিপক্ষে ম্যাচেই আবাহনীর জার্সি গায়ে দেখা যেতে পারে তাঁকে।
শাহাদাত খেলার জন্য যথেষ্ট ফিট নন বলে এ নিয়ে তেমন ক্ষোভ নেই মোহামেডান শিবিরে। ম্যাচ খেলার ফিটনেস ফিরে পেতে আরও সপ্তাহ দুয়েক লাগবে, এমনটাই নাকি বলে দিয়েছেন ফিজিও। প্রশ্নটা আসলে অন্য জায়গায়। খেলার সুযোগ চেয়ে শাহাদাতের আবেদনের পর গত ১০ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জানিয়েছিলেন, কোনো অভিযুক্ত আসামির জীবিকা নির্বাহের জন্য পেশাগত কাজ করতে ট্রাইব্যুনালের অনুমতি গ্রহণ নিষ্প্রয়োজন। খেলার অনুমতি দেবে বিসিবি, ট্রাইব্যুনাল নয়। এমন সহজ-সরল বক্তব্যও ‘অস্পষ্ট’ মনে হচ্ছিল বিসিবির কাছে। শাহাদাতকে তাই তখন খেলার অনুমতি দেওয়া হয়নি। তাহলে এখন কীভাবে তুলে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা? মাঝের এই কদিনে তো আদালত নতুন কিছুই বলেননি, যা বিসিবির ‘অস্পষ্ট’তা দূর করে থাকবে!
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর ব্যাখ্যা, ‘বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আমরা স্পষ্ট কিছু বলতে পারছিলাম না। পরে জেনেছি, শাহাদাত ও বাদীর একটা সমঝোতা হয়েছে। এর একটা ডকুমেন্ট সে বোর্ডে জমা দিয়েছে।’ এ-ও জানালেন, শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শাহাদাতের ব্যাপারে বিসিবির অবস্থান বদলায়নি, ‘আদালত থেকে পূর্ণাঙ্গ রায় বা সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। সে শুধু ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে। মানবিক দিক বিবেচনা করে এই অনুমতি দেওয়া হয়েছে।’
গুঞ্জন আছে, সম্ভাব্য পেসার সংকট এড়াতে আবাহনীর ইচ্ছাতেই হঠাৎ ‘সৌভাগ্যের দরজা’ খুলে গেছে শাহাদাতের সামনে। তাপস বৈশ্য চোট পেয়ে বাইরে, বোলিং অ্যাকশনের কারণে তাসকিনকে নিয়েও আছে মৃদু অনিশ্চয়তা। হাঁটুতে চোটের সমস্যাও আছে। ভবিষ্যতে তাসকিনের সমস্যা বাড়লে বিকল্প তো লাগবেই। তবে শাহাদাত দাবি করেছেন, ‘আরও আগে থেকেই আবাহনীর সঙ্গে কথা হচ্ছিল আমার। আবাহনী থেকে আমাকে বলা হয়েছিল, নিষেধাজ্ঞা উঠলে আমাকে দলে নেবে।’
শেষ পর্যন্ত খেলার সুযোগ পান বা না পান, নিষেধাজ্ঞা ওঠাতেই দারুণ খুশি এই পেসার, ‘বাইরে থাকার সময়টা আমার জন্য অনেক কষ্টদায়ক ছিল। সব সময় আফসোস লাগত। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ যে, তারা সব সময় আমার পাশে ছিল। সাংবাদিকেরাও আমাকে অনেক সাহায্য করেছেন। আমি দশ বছর খেলেছি, আরও পাঁচ-ছয় বছর খেলতে চাই।’