ঘরোয়া ক্রিকেটে 'মুক্ত' আশরাফুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত মোহাম্মদ আশরাফুলের ঘরোয়া ক্রিকেটে তিন বছরের নিষেধাজ্ঞা কাটছে আজ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নিষেধাজ্ঞা শেষ হওয়ার বাকি আরও দুই বছর।

আশরাফুল কোন ধরনের ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন, এখনো তা পরিষ্কার করতে পারেনি বিসিবি। এ বিষয়ে জানতে এরই মধ্যে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান তাই বলতে পারলেন না আগামী মাসে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) আশরাফুল খেলতে পারবেন কি না, ‘জাতীয় লিগের শীর্ষ ৭০-৮০ জন খেলোয়াড়ই সাধারণত বিসিএলে খেলে। সেপ্টেম্বরে বিসিএল শুরুর আগে জাতীয় লিগ নেই। তবে সে খেলতে পারবে কি না এটা নির্ভর করছে নির্বাচক ও ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর।’

২০১৩ বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ পাতানোয় জড়িত থাকায় আশরাফুলকে তিন বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ আট বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেন বিসিবির বিশেষ ট্রাইব্যুনাল। আপিলের পর যেটি কমে নেমে আসে পাঁচ বছরে, যার দুই বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা।

প্রায় এক মাস ইংল্যান্ডে কাটিয়ে আজ সকালে ঢাকায় ফেরার কথা আশরাফুলের।