ঘাটতি বোলারদের অনুশীলনেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলারদের অনুশীলন নিয়ে দলের ভেতরেই আছে অসন্তোষ! ফাইল ছবি
বোলারদের অনুশীলন নিয়ে দলের ভেতরেই আছে অসন্তোষ! ফাইল ছবি

কিম্বার্লির টিম হোটেলে পরশু রাতে ছোটখাটো একটা মিটিংয়ের মতো হলো। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ছিলেন, ছিলেন কাল দেশে ফিরে যাওয়া টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ। খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ সিনিয়র কয়েকজন। আর ছিলেন তাঁরা, যাঁদের কেন্দ্র করে বসেছিল অনানুষ্ঠানিক ওই বৈঠক। 

এই ‘তাঁরা’ কারা, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। টেস্ট সিরিজ থেকে শুরু করে প্রথম ওয়ানডের ব্যর্থতায়ও যাঁরা দাঁড়িয়েছেন ‘কাঠগড়ায়’। হ্যাঁ, বোলাররা। পচেফস্ট্রুম ও ব্লুমফন্টেইনে দুই টেস্টের পরই অধিনায়ক মুশফিকুর রহিম বোলারদের ওপর চোটপাট করেছেন। বোলিংয়ের সার্বিক উন্নতি নিয়ে প্রশ্ন তুলেছেন। কিম্বার্লির প্রথম ওয়ানডের পর ওয়ানডে অধিনায়ক মাশরাফিও একবাক্যে বলে দিয়েছেন, বোলিং হতাশাজনক। এ রকম বোলিং হলে ৩৫০ রান করেও ম্যাচ জেতা কঠিন।
জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল ও মাহমুদের সঙ্গে খেলোয়াড়দের বৈঠকটাও বোলিং-ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খেয়েছে। ব্যর্থতার কারণ সন্ধানের চেষ্টা হয়েছে এবং সেটি সহজে খুঁজেও পাওয়া গেছে। দেশে ফেরার আগে কাল কিম্বার্লি বিমানবন্দরে মাহমুদ বলছিলেন, ‘আমাদের বোলাররা একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে নতুন বলে তারা উইকেট ফেলতে পারছে না। তাহলে বোলিং করে লাভ কী? আমি ওদের বলেছি, এত কম অনুশীলন করে ভালো বোলিং সম্ভব নয়। নেটে মাত্র ৪ ওভার করে বল করে কেউ ভালো বোলার হতে পারে না।’
জাতীয় দলে প্রায় ১০ বছর ধরে খেলছেন রুবেল হোসেন। তাসকিনেরও হয়ে গেছে তিন বছরেরও বেশি। কিন্তু তাঁদের বোলিংয়ে অভিজ্ঞতার ছাপ খুঁজে পাওয়া কঠিন। ব্যাটিং উইকেটে ব্যাটসম্যানদের শাসনই চলবে, তাই বলে বোলাররা ঠিক জায়গায় বল ফেলতে পারবেন না, সেটাও মানা যায় না। বিশেষ করে নতুন বলের বোলারদের ব্যর্থতা দক্ষিণ আফ্রিকায় প্রকটভাবেই চোখে পড়ছে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেই কেবল তাঁদের কিছু সাফল্য দৃশ্যমান হয়েছে। মোস্তাফিজুর রহমান আর শফিউল ইসলাম মিলে ১১ ওভারের মধ্যে দুই ওপেনার এবং ২১ তম ওভারে ওয়ান ডাউনে নামা হাশিম আমলাকে ফেরাতে পেরেছিলেন। কিন্তু দুই টেস্টের বাকি তিন ইনিংস এবং সর্বশেষ প্রথম ওয়ানডেতেও নতুন বলে পেসাররা শুধু নিয়মরক্ষার বোলিংই করে গেছেন।
স্কোরকার্ডগুলোর দিকে ফিরে তাকালে সেটা আরও পরিষ্কার হবে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটিতে এসেছে ১৯৬ রান, দ্বিতীয় টেস্টে এক ইনিংস ব্যাট করে ওপেনাররা করেছেন ২৪৩, কিম্বার্লির ওয়ানডেতে তো কুইন্টন ডি কক আর হাশিম আমলা রেকর্ড জুটি গড়ে ম্যাচ জিতিয়ে দিয়েছেন ১০ উইকেট হাতে রেখেই।
বোলিং নিয়ে তাই আশাবাদী শোনাল না প্রধান নির্বাচক মিনহাজুলের কণ্ঠও, ‘বোলারদের সবচেয়ে বড় সমস্যা হলো অনুশীলন কম করা, ম্যাচ কম খেলা। সে জন্য ওরা জানেই না কোথায় বল ফেলতে হবে। ম্যাচ প্র্যাকটিসের জন্য বোলারদের আরও বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। এর বিকল্প নেই।’
মাহমুদ ও মিনহাজুল দুজনই একমত-বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা নিজেদের উন্নতির জন্য যে পরিমাণ অনুশীলন করেন, যত পরিশ্রম করেন, বোলাররা সেটা করেন না। ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের উন্নতিটা সে জন্যই অনেক কম। মাহমুদ বোলারদের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরলেন মুশফিকুর রহিম আর তামিম ইকবালকে, ‘মুশফিক, তামিম কী পরিমাণ ব্যাটিং অনুশীলন করে, তা তো সবাই দেখে। দলের অনুশীলনের পরও ব্যক্তিগত উদ্যোগে ওরা এক-দুই ঘণ্টা করে নেটে সময় কাটায়। বোলারদের কারও মধ্যে সেই উদ্যোগ নেই। নেটে ৪-৫ ওভার বোলিংয়ের বাইরে ওরা কিছু করে না। মাশরাফি ছাড়া আমাদের একজন বোলারকেও আমি দেখিনি আলাদা অনুশীলন করতে। অথচ অন্য সব দলের বোলাররাই বাড়তি অনুশীলন করে।’
পেস বোলারদের জন্য ফিটনেসের অভাবও একটা বড় সমস্যা। যেটার অবধারিত পরিণতি, একটু চাপ নিলেই চোটে পড়া। বেশি অনুশীলনে বোলারদের ভয় পাওয়ার এটাই অন্যতম কারণ। অনুশীলন করতে গিয়ে চোটে পড়লে তো খেলারই বাইরে চলে যেতে হবে। এর চেয়ে কম অনুশীলন করে নিরাপদে দলে থাকলে ক্ষতি কী! সম্ভাব্য সেরা বোলিং আক্রমণ নিয়ে খেলেও তাই পাওয়া যাচ্ছে না সেরা সাফল্য।
বোলাররা না হয় নিরাপদ পথে হাঁটতে চাচ্ছেন। কিন্তু পর্যাপ্ত অনুশীলন না করার দায় তো শুধু তাঁদের একার নয়! দলে কোচের অভাব নেই। পেস বোলারদের জন্য আছেন ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। তারপরও কেউ ঠিকভাবে অনুশীলন না করলে সেটার দায়িত্ব কোচদেরও। নেটে ৪-৫ ওভার বোলিংয়ে কাজ না হলে কোচরাই পারেন অনুশীলনের সময় বাড়ানোর জন্য বোলারদের বাধ্য করতে। সেটাতে যেহেতু তাঁরা ব্যর্থ, জবাবদিহির দায়ভার বোলারদের পাশাপাশি কোচদেরও আছে।