ঘাবড়েই গিয়েছিলেন লেম্যান

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে হোটেলে ফেরার সময় অস্ট্রেলিয়া টিমের বাসে ঢিল পড়ার ঘটনায় হইচই হয়েছে বেশ। কাল ঘটনার আকস্মিকতায় ভীষণ হকচকিয়ে গিয়েছিলেন ড্যারেন লেম্যান। তবে বিষয়টি যেভাবে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে, এতে খুশি অস্ট্রেলিয়ান কোচ।
এমনিতে অস্ট্রেলিয়া দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে বিসিবি। এই ঘটনার পর আরও জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। ঘটনাটা আপাতত হালকা মনে হলেও কাল বেশ ঘাবড়েই গিয়েছিলেন লেম্যান, ‘ভালোভাবেই জানি কী হয়েছে। যখন ঘটল অবশ্যই হকচকিয়ে গিয়েছিলাম। তবে নিরাপত্তাব্যবস্থা অসাধারণ বলেই আমরা এখানে। আমাদের ও বাংলাদেশ—দুই দলের নিরাপত্তা দল দুর্দান্ত। এটা নিয়ে তারা আমাদের সঙ্গে অনেকবার কথা বলেছে। বিষয়টা আমরা নিরাপত্তায় নিয়োজিত লোকজনের হাতেই ছেড়ে দিচ্ছি।’

মাঠের বাইরে যা-ই হোক, ব্যাটিং-বোলিংয়ে আজ অসাধারণ এক দিনই কাটিয়েছে অস্ট্রেলিয়া। স্বস্তিতে দিন শেষ করতে ভাগ্যের ছোঁয়াও তারা পেয়েছে। বাংলাদেশের দেওয়া দুটি সুযোগ কাজে লাগিয়ে খুশিই মনে হলো লেম্যানকে, ‘আপনি সুযোগ হাতছাড়া করতে চান না, তাই না? আমরাও তাদের ইনিংসের শুরুতে দুটি সুযোগ হাতছাড়া করেছি। একটা বিষয় জানি, আপনাকে প্রতিটি সুযোগ নিতে হবে। যখন আমরা আবার বোলিংয়ে আসব চেষ্টা করব সব সুযোগ কাজে লাগাতে।’