পাকিস্তানের জয়ের আগে মরু-রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ এক জয়ে এমনই আনন্দে মাতল পাকিস্তান দল। ছবি: রয়টার্স
দারুণ এক জয়ে এমনই আনন্দে মাতল পাকিস্তান দল। ছবি: রয়টার্স

দুবাই টেস্টের ক্রিকেট দেবতা নির্ঘাত রহস্য গল্পের ভক্ত। না হলে এ টেস্টের সমাপ্তি কি এমন রোমাঞ্চকর হয়! আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড হাতঘড়ির দিকে ইঙ্গিত দিয়ে দেখালেন দিনের খেলার বাকি মাত্র এক ঘণ্টা। সেদিকে হতাশা, অবিশ্বাস এবং খানিকটা আতঙ্ক নিয়ে তাকালেন পাকিস্তান অধিনায়ক। মরুর বুকে সারা দিনে যা ঘটল, তাতে অবশ্য মাথায় হাত দিয়ে বসে থাকলেও অবাক হওয়ার কিছু ছিল না। এক আদিল রশিদের কাছে হার মানতে বসেছিল পুরো পাকিস্তান দল। কিন্তু মাত্র ৬.৩ ওভার বাকি থাকতে ইয়াসির শাহের বলে আত্মঘাতী এক শট খেলে আউট হয়ে যান রশিদ। ১৭৮ রানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান (১-০)।
গতকাল দুপুরে যখন পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ঘোষণা করলেন মিসবাহ-উল-হক, তখনই জয়ের আশা ছেড়ে দিয়েছিল ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে রান তাড়ার বিশ্ব রেকর্ড যেখানে ৪১৮, সেখানে ৪৯১ রান তাড়া করে ম্যাচ জেতার আশা না করাই তো ভালো। তাই দেখার বিষয় ছিল একটিই, ম্যাচ বাঁচাতে পারে কি না ইংল্যান্ড। আর শুধু একটি উপায়েই সেটি সম্ভব হতো—ইংলিশ ব্যাটসম্যানদের মাটি কামড়ে উইকেটে পড়ে থাকা। কিন্তু কালই তিন উইকেটে হারিয়ে কাজটি অনেক কঠিন করে ফেলেছিলেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। দলের আশার বাতি হয়ে উইকেটে ছিলেন রুট। কিন্তু আগের দিনের স্কোরের সঙ্গে ১২ রান যোগ করার পর আউট হয়ে যান রুট। লাঞ্চের আগেই জুলফিকার বাবর এবং ইয়াসির শাহ ২ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে নিয়ে যান জয়ের প্রান্তে। লাঞ্চ থেকে ফিরেই আউট হয়ে যান এক প্রান্ত আগলে রাখা বেন স্টোকসও। এরপরই শুরু ইংলিশ ‘রূপকথা’র। অষ্টম উইকেট জুটিতে আদিল রশিদ এবং স্টুয়ার্ট ব্রড মিলে ৬০ রান যোগ করেন। এই জুটি পাকিস্তানের জয়ের আশাকে একটু দূরে সরিয়ে দিয়েছিল। ওয়াহাব রিয়াজের দারুণ এক বলে ব্রড বোল্ড হয়ে ফিরে গেলেও পাকিস্তানের মাথাব্যথা হয়ে রয়ে যান রশিদ। এরপর মার্ক উডকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন রশিদ। সবচেয়ে বড় কথা, এই জুটি ২৯ ওভার ২ বল পার করে দেয়। ড্র-কে যখন হাতের নাগালে দেখতে পাচ্ছিল ইংল্যান্ড, তখনই বাবরের বলে উড আউট। এক প্রান্তে ঠিকই রয়ে যান রশিদ, কিন্তু শেষ পর্যন্ত আর রূপকথার নায়ক হতে পারেননি। খেলা শেষ হওয়ার মাত্র ছয় ওভার দূরে থাকা অবস্থায় বাজে এক শটে আউট হয়ে যান তিনি। চার ঘণ্টায় ১৭২ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংসটি শেষ হতেই নিশ্চিত হয় পাকিস্তানের জয়।
খেলার গুরুত্বপূর্ণ সময়ে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ের মূল কারিগর বাঁহাতি স্পিনার বাবর। ইয়াসির শাহ নিয়েছেন ৪ উইকেট।