ঘামে ভেজা ক্লান্তিকর যে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে তাইজুল করলেন টেস্টের এক ইনিংসে দেশের হয়ে সবচেয়ে বেশি বোলিং করার রেকর্ড। ছবি: প্রথম আলো
চট্টগ্রামে তাইজুল করলেন টেস্টের এক ইনিংসে দেশের হয়ে সবচেয়ে বেশি বোলিং করার রেকর্ড। ছবি: প্রথম আলো
>
  • টেস্টে দেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি বোলিংয়ের রেকর্ড তাইজুলের।
  • এ সংস্করণে দেশের হয়ে বোলিংয়ে এক ইনিংসে সর্বোচ্চসংখ্যক রান দেওয়ার রেকর্ডও তাইজুলের।
  • টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি বোলিং করার রেকর্ডটি এত দিন ছিল সাকিব আল হাসানের।
  • শ্রীলঙ্কার ৭১৩ দেশের মাটিতে টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ।

টেস্ট ক্রিকেট মানেই ফিটনেসের পরীক্ষা। খেলাটা পাঁচ দিনের হওয়ায় শারীরিকভাবে শতভাগ ফিট থাকার বিকল্প নেই। প্রতিপক্ষ দল একবার উইকেটে জমে গেলে শুরু হয় ধৈর্য আর শ্রমের পরীক্ষা। হাত ঘোরাও আর বল কুড়োও! তাইজুল ইসলাম তো চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় বল করে গেলেন ওভারের পর ওভার!
বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারের ক্লান্তিহীন বোলিং করে নাম লিখিয়েছেন ক্লান্তিকর এক রেকর্ডে। টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চসংখ্যক ওভার বোলিং! তৃতীয় সেশনের প্রথম ওভারে বোলিং করে রেকর্ডটি গড়েন তাইজুল। সেটি ছিল তাঁর ৬৭তম ওভার।
এর আগে ২০১০ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে একাই ৬৬ ওভার বোলিং করেছিলেন সাকিব আল হাসান। রেকর্ডটি এত দিন ছিল তাঁরই দখলে। ক্লান্তিকর হলেও দলের জন্য নিজেকে নিংড়ে দেওয়ার সেই রেকর্ডে তাইজুল এবার পেছনে ফেললেন সাকিবকে। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ৯৮ ওভার বোলিংয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সনি রামাধিনের।
আরও একটি জায়গায় তাইজুল পেছনে ফেলেছেন দেশের সব টেস্ট বোলারকে। সেটি দেশের হয়ে এ সংস্করণে এক ইনিংসে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড! ২০০৭ সালে শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টেস্টে ৪৫ ওভার বোলিং করে ১৮১ রান দিয়েছিলেন মোহাম্মদ রফিক। বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান দেওয়ার সেই রেকর্ডটি প্রায় সাত বছর একার দখলে রেখেছিলেন সাবেক বাঁহাতি এ স্পিনার। ২০১৪ সালে এই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষেই রফিকের সেই রেকর্ডের ভারটা ভাগাভাগি করেছিলেন সোহাগ গাজি।
কাকতালীয় ব্যাপার হলো, সেই শ্রীলঙ্কার বিপক্ষেই এবার সেই একই মাঠে তাইজুল তাঁর দুই পূর্বসূরিকেও ছাপিয়ে গেলেন! নিজের ৬০তম ওভার শেষে তাঁর বোলিং ফিগার ছিল ৬০-১৩-১৮২-২। পরে অবশ্য রেকর্ডটা টেনে ২১৯ রানে (৬৭.৩-২১৯-৪) নিয়েছেন। টেস্টে এক ইনিংসে বোলার হিসেবে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ডটি অস্ট্রেলিয়ার তিরিশের দশকের ‘চায়নাম্যান’ স্পিনার চাক ফ্লিটউড-স্মিথের (২৯৮ রান)।
মজাটা হচ্ছে, রফিক-সোহাগ তাঁদের রান খরচের রেকর্ডে ৪টি করে মেডেন নিয়েছিলেন। তাঁদের ছাপিয়ে গেলেও তাইজুলের মেডেন ১৩টি—অর্থাৎ, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে তাইজুল কিন্তু একেবারে খারাপ বোলিং করেননি। শ্রীলঙ্কাই বরং অনেক ভালো ব্যাটিং করেছে। এতটাই ভালো যে টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর (৯ উইকেটে ৭১৩) এটি।
সে পথে শ্রীলঙ্কা পেছনে ফেলেছে ভারতকে। গত বছর হায়দরাবাদ টেস্টে ৬ উইকেটে ৬৮৭ রানে ইনিংস ঘোষণা করেছিল ভারত। নিশ্চয়ই জানতে চান, বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ দলীয় স্কোর কোন দলের? ঠিকই ধরেছেন, এখানেও সেই শ্রীলঙ্কাই! ২০১৪ সালে মিরপুর টেস্টে ৬ উইকেটে ৭৩০ রানের ‘পর্বত’ গড়ে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের মাটিতে টেস্টে ওটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ৬০০ রানের কোটা ছুঁয়ে ফেলার মধ্য দিয়ে এ মাঠে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। দেশের মাটিতে টেস্টে এটা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে প্রতিপক্ষ দলের সর্বোচ্চসংখ্যক ওভার খেলার রেকর্ডেও এটি দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম ইনিংসে ১৯৯.৩ ওভার ব্যাট করছে শ্রীলঙ্কা। আর মাত্র এক ওভার ব্যাটিং করলেই লঙ্কানরা ছুঁয়ে ফেলত ২০১২ সালে খুলনা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কীর্তিকে। সেই টেস্টে ২০০.৩ ওভার ব্যাটিং করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের জন্য এসব কিছুই ‘অনাকাঙ্ক্ষিত’ সব তথ্য-উপাত্ত। তবে তৃপ্তির রেকর্ডও আছে। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের গড়া ৫১৩ রানের সংগ্রহে কোনো বাই কিংবা লেগবাই ছিল না। বাই কিংবা লেগবাই ছাড়া টেস্টে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর!