১৯৯২ বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়া তখন বিশ্ব চ্যাম্পিয়ন। কেরি প্যাকারের মস্তিষ্কপ্রসূত ‘রঙিন ক্রিকেট’-এর প্রথম বৈশ্বিক আসরে অস্ট্রেলিয়ার কাছে প্রত্যাশা ছিল আকাশচুম্বি। কিসের কী, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কাছে প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্বেই বিশ্বকাপকে বিদায় জানাল অস্ট্রেলিয়া। ২৩ বছর পর সেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডেই আরেকটি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া এবারও শিরোপার দাবি নিয়ে। তবে কি পুনরাবৃত্তি হবে ১৯৯২-এর? গত শুক্রবার অস্ট্রেলিয়া দলের সঙ্গে যুক্ত হওয়া জিওফ মার্শ অন্তত তেমনটা মনে করেন না।
সাবেক অস্ট্রেলীয় ওপেনার আর বিশ্বকাপজয়ী কোচের বিশ্বাস, ড্যারেন লেম্যানের দলটি ’৯২-র দলটির মতো একই সমস্যায় ভুগবে না, যদিও ঘরের মাঠে খেলার সুবিধার পাশে ফেবারিট হওয়ার চাপটা বাড়তে থাকবে। প্রত্যাশার চাপে যাতে দল ভেঙে না পড়ে, সে জন্যই পরামর্শক হিসেবে অস্ট্রেলিয়া দলে তাঁর যোগ দেওয়া।
প্রত্যাশার পারদ কতটা উঁচু, তা জানেন বিশ্বকাপ দলের মিচেল মার্শ এবং টেস্ট দলের শন মার্শের বাবা, ‘প্রত্যাশা অনেক বেশি। কিন্তু এ নিয়ে পরিকল্পনা ও তাদের মধ্যে কথা বলা শুরু হয়েছে অনেক আগেই।’ ’৯২-এ দেশের মাটিতে কাপ ব্যর্থতার সাত বছর পর অস্ট্রেলিয়া ১৯৯৯ বিশ্বকাপে সাফল্যের হাসি হাসে অধিনায়ক স্টিভ ওয়াহ্ ও কোচ জিওফ মার্শের যুগলবন্দীতে। সুতরাং মার্শের ইতিবাচক উপলব্ধির একটা গুরুত্ব তো আছেই। আইএএনএস।