ঘুম থেকে উঠে জানলেন তিনি কোটিপতি

ঘুম থেকে উঠে তিনি জানলেন, বিক্রি হয়েছেন ৩ কোটি ২০ লাখ দিয়েছবি: আইপিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরুন, আপনি ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে উঠে পাশে রাখা মুঠোফোনে তাকিয়ে দেখলেন, কমপক্ষে ৫০টি মিসড কল! স্বাভাবিকভাবেই ভাববেন, অস্বাভাবিক কিছু ঘটে গেল কি না! সবচেয়ে বেশি মিসড কল যে নম্বর থেকে, সেটিতে কলব্যাক করে জানতে পারলেন মধুর এক সংবাদ। আপনি কোটিপতি হয়ে গেছেন। কেমন লাগবে?

এমন অভিজ্ঞতাই হয়েছে ভারতের উত্তর প্রদেশের পেসার যশ দয়ালের। রঞ্জি ট্রফির ক্যাম্প চলছে। তাই তিনি জৈব সুরক্ষাবলয়ে উত্তর প্রদেশ দলের সঙ্গে আছেন গুরুগাঁওয়ের একটি হোটেলে। রোববার হোটেলকক্ষে একাকী আইপিএলের নিলাম দেখছিলেন টিভিতে। জানতেন, তিনি নিলামে আছেন ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে। ভাসা–ভাসা শুনেছিলেন, আইপিএলের নতুন দল গুজরাত টাইটানস নাকি তাঁকে কিনতে চায়। কত কিছুই তো শোনা যায়, নিলামে কেউ না নেওয়া পর্যন্ত তো কিছুই নিশ্চিত নয়। নিলামে একজন একজন করে খেলোয়াড় ডাকা হচ্ছে, কেউ বিক্রি হচ্ছেন, কেউ হচ্ছেন না, কারও দাম লাখ থেকে বেড়ে কোটিতে পৌঁছে যাচ্ছে। কিন্তু দয়ালের নাম আর আসে না।

একপর্যায়ে নিলাম দেখতে দেখতেই তিনি ঘুমিয়ে পড়েন। ভেবেই নিয়েছিলেন, কোনো আশা নেই। মুঠোফোনও ‘সাইলেন্ট’ মোডে দিয়ে বিছানায় শুয়ে দিলেন লম্বা এক ঘুম। ঘুম যখন ভাঙল, তখন প্রথম চোখ যায় ফোনের স্ক্রিনে। দেখেই ভড়কে গেলেন। ৫০-৬০টি মিসড কল! এর মধ্যে দয়ালের বাবার নম্বর থেকেই ২০টি। কোনো বিপদ কি ঘটল!

আকাশ-পাতাল ভাবতে ভাবতে বাবাকে কলব্যাক করেন দয়াল। ওদিকে বাবা ফোন ধরেই প্রথমে এক চোট বকা, ‘কী করছিলি তুই! এতবার ফোন দিচ্ছি। তুই কোথায় ছিলি।’ দয়াল যখন বললেন, ‘ঘুমাচ্ছিলাম’, তখনই বাবা অনুযোগ থামিয়ে উচ্ছ্বসিত গলায় জানান সুখবরটা, ‘তোকে গুজরাত টাইটানস ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে। দেখিসনি!’ দয়াল আর কী বলবেন! গোটা ঘটনাই স্বপ্নের মতো মনে হচ্ছিল তাঁর। মনে হচ্ছিল, এটা বাস্তব নয় স্বপ্ন। তিনি ঘুমিয়ে এ স্বপ্ন দেখছেন, ঘুম ভাঙলেই দেখবেন, গুরুগাঁওয়ের হোটেলকক্ষে বসে বসে আইপিএল নিলাম দেখছেন, তাঁর নাম কিছুতেই ডাকা হচ্ছে না।

টানা ১৪০ কিলোমিটার বেগে বোলিং করতে পারেন যশ দয়াল
ফাইল ছবি

ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে যশ দয়ালের বাবা চন্দ্রপাল দয়াল জানিয়েছেন, ‘আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। যশের কী হলো! টেলিভিশনে ওর আইপিএল দল পাবার বিষয়টা জেনে ফেলেছি ততক্ষণে। ওর কয়েকজন উত্তর প্রদেশের সতীর্থকে ফোন দিলাম। তারাও জেনেছে। ওরাও ফোনে চেষ্টা করল, কিন্তু যশ ফোন ধরছে না। ওরা জানাল, কোভিড স্বাস্থ্যবিধি অনুযায়ী কোয়ারেন্টিনকালে সতীর্থদের কক্ষে যাওয়ার অনুমতি নেই। এমনকি হোটেলকক্ষ থেকে বের হওয়ারও অনুমতি নেই। অনেক পরে ওকে ফোনে পেয়ে জানালাম সুখবরটা, প্রথমে ও বিশ্বাসই করতে চাচ্ছিল না, ভাবছিল, আমরা মজা করছি। পরে বুঝতে পেরে খুবই খুশি হলো। এ তো ওর স্বপ্নপূরণের মতো ব্যাপারই।’

গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ১৪ উইকেট পেয়েই সবার নজরে পড়েন যশ। ওভারপ্রতি রান দেওয়ার হার ছিল ৩.৭৭। তবে এর চেয়ে তাঁর গতি আর সুইং সবাইকে বেশি আকৃষ্ট করে। টানা ১৪০ কিলোমিটার বেগে বোলিং করে যেতে পারেন তিনি। সুইং করাতে পারেন দুই দিকেই।

বাবা চন্দ্রপাল দয়ালও একসময় ফাস্ট বোলার ছিলেন। আশি ও নব্বইয়ের দশকে খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। তিনিও জানিয়েছেন ছেলের সামর্থ্যের কথা, ‘যশ খুব জোরে বোলিং করতে পছন্দ করে। কিন্তু অযথা গতি নয়, সে সুইং করাতে ভালোবাসে। ১৪০ কিলোমিটারে যদি দুই দিকে সুইং করাতে পারে কোনো বোলার, সেটি দারুণ ব্যাপারই।’

নিজে ক্রিকেটটা মনোযোগ দিয়ে খেলতে পারেননি, পরিবারের সমর্থন ছিল না চন্দ্রপাল দয়ালের। ছেলে যশকে তিনি পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছেন, ‘আমি কখনোই আমার পরিবার থেকে সমর্থন পাইনি। আমার বাবা সব সময়ই বলতেন, ক্রিকেট খেলে কোনো ভবিষ্যৎ নেই। ক্রিকেট খেলাটাকে তিনি সময় নষ্ট বলেই মনে করতেন। তিনি আমাকে চাপ দিতেন ক্রিকেট ছেড়ে সরকারি চাকরির পরীক্ষা দিতে।’

চন্দ্রপাল দয়াল শেষ পর্যন্ত সরকারি চাকরিই করেছেন। তিনি এলাহাবাদের মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে চাকরি করেন। নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্নটা ছেলে যশকে দিয়েই পূরণ করেছেন। যশের দাদা যদি থাকতেন, তাহলে দেখতে পেতেন, ক্রিকেট খেলে এখন কোটিপতিও হওয়া যায়।