ঘুম হবে না রাহুলের?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা হলো না। টেস্ট ইতিহাসের দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে গেছেন ১৯৯ রানে। প্রায় ৩০ বছর আগে কানপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক একই আক্ষেপে পুড়তে হয়েছিল মোহাম্মদ আজহারউদ্দিনকে। চেন্নাইতে পরশু একই দুর্ভাগ্য বরণ করার পর রাহুলের কেমন লাগছে, সেটি তাই ভালোই বুঝতে পারছেন সাবেক ভারতীয় অধিনায়ক। নিজের অভিজ্ঞতা থেকেই বলে দিলেন, এ এমনই এক আক্ষেপ যে আগামী কিছুদিন ঠিকমতো ঘুম হবে না রাহুলের!
এই দুঃখটা ভোলা রাহুলের জন্য খুবই কঠিন হবে বলে মনে করেন আজহার, ‘ওর আগামী কিছুদিন ঘুম হবে না। আমাকে কপিল দেব আর অন্য সতীর্থরা সান্ত্বনা দিয়েছিল। আমি নিশ্চিত, রাহুলও সেই সান্ত্বনা পাবে বিরাট কোহলি আর অন্য সতীর্থদের কাছ থেকে। কিন্তু জানি, কোনো সান্ত্বনাই এই আক্ষেপ দূর করতে পারবে না।’ মুম্বাই মিরর।