গোটা শহর যেন ঘুমিয়ে! রাস্তাঘাট জন-মানবশূন্য। দোকানপাট বন্ধ। এ রকমই থাকার কথা অবশ্য। বড়দিনের ছুটি, সামনে আবার ইংরেজি নববর্ষ। এ রকম সময়ে এসব শহর ঘুমিয়েই থাকে। উত্সব করতে এক শহরের মানুষ চলে যায় আরেক শহরে। এক দেশের মানুষ আরেক দেশে।
ক্রাইস্টচার্চের ঘুমন্ত অবস্থা সবচেয়ে বিপাকে ফেলেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। টিম হোটেল রেইজেস লাটিমারের ছোট্ট লবিতে কাল সন্ধ্যার আগে ভিড় বাড়তে লাগল। ক্রিকেটারদের ভিড়। সাকিব আল হাসান পা তুলে সোফায় বসে আছেন। তাঁর আশপাশে মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজের মতো তরুণদের ভিড়। কিছুক্ষণের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ আরও অনেকে নেমে এলেন। উদ্দেশ্য, সবাই একসঙ্গে খেতে যাবেন।
এই ম্যাচের টিম মিটিং গত পরশুই হয়ে গেছে। কাল অনুশীলন শেষে ছিল আকসুর মিটিং। সিরিজ শুরুর আগের দিন আরেকবার সবার একসঙ্গে হতে ডিনারই মোক্ষম জায়গা। কিন্তু কোথায় যাবেন ক্রিকেটাররা!
বাংলাদেশে এখন ঈদ-পূজার ছুটিতেও হোটেল-রেস্তোরাঁয় প্রচুর ভিড় থাকে। আর এই দেশে উল্টো। বড়দিনের ছুটি, কাজেই যে যার মতো উত্সব করতে চলে গেছে। অথবা ঘরের মধ্যেই চলছে উত্সব। হোটেল-রেস্তোরাঁ সব বন্ধ। ঢাকার মতো কোথাও কোনো আলোকসজ্জা নেই। হই-হুল্লোড় দূরের কথা, রাস্তায় বের হলে মনে হবে শ্মশানের নীরবতা। এই শহরে একটা শাহবাগ কিংবা রবীন্দ্র সরোবর যে কেন থাকল না! মাশরাফি বিন মুর্তজার সহজ-সরল তুলনা, ‘আমাদের দেশের পাড়াগাঁও-ও এর চেয়ে ঢের ভালো।’
বলাটাই স্বাভাবিক। এমন উত্সবের দিনেও যে তামিম-মাশরাফিরা খাবারের একটা ভালো জায়গা খুঁজে পাচ্ছিলেন না! তামিম এক জায়গায় ফোন দেন, তো মুশফিক আরেক জায়গায়। না, আট-দশজন একসঙ্গে গিয়ে রাতের খাবার খাওয়ার মতো একটা জায়গাও নেই। বড়দিন উপলক্ষে সব বন্ধ। রেইজেস লাটিমারের বুফেতেও পছন্দসই খাবার পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত সমাধান দিলেন সিরিজের ম্যাচ পরিচালনা করতে আসা পাকিস্তানি আম্পায়ার শামসুদ্দিন। আইসিসির আরও লোকজন নিয়ে কোনো এক ভারতীয় রেস্টুরেন্টে এই মাত্র খেয়ে এসেছেন। তামিমকে বললেন, ‘তোমরা ওখানে যাও। আজ শুধু ওটাই খোলা।’ উবারে খবর দিয়ে বড় একটা মাইক্রোবাস এনে দল বেঁধে সবাই সেখানেই গেল।
বিদেশে গেলে বাংলাদেশের ক্রিকেটারদের আতিথেয়তার কমতি হয় না কখনো। প্রবাসী বাংলাদেশিদের নিমন্ত্রণে সাড়া দিতে দিতে একটা সময়ে বরং কিছু ‘দাওয়াত’ প্রত্যাখ্যানও করতে হয়। কিন্তু ক্রাইস্টচার্চে বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলক কম। সব মিলিয়ে সংখ্যাটা ষাট হতে পারে। বাংলাদেশ দলের খেলা দেখতে শহরের বাইরে থেকে অনেকে আসছেন, কয়েকজন তো নাকি অস্ট্রেলিয়া থেকেও চলে এসেছেন। তারপরও হ্যাগলি ওভালে আজ বাংলাদেশি দর্শকদের চিত্কার কতটা শোনা যাবে, তা নিয়ে সন্দেহ আছে। মাহফুজুর রহমান নামে এক ক্রাইস্টচার্চপ্রবাসীর শঙ্কা, যে কজনই আসবেন, এখানকার ভারতীয় দর্শকদের বেশির ভাগ নিউজিল্যান্ড শিবিরের হয়ে গলা ফাটাবেন বলে তাঁদেরও কোণঠাসা হয়ে থাকতে হতে পারে।
এটাও একটা অদ্ভুত বিষয়। যার বিয়ে তার খবর নেই, পাড়া-পড়শির ঘুম নেই। সিরিজ খেলবে নিউজিল্যান্ড, আর তাদের হয়ে পতাকা ওড়াতে যাবেন কিনা অন্য দেশের লোকেরা! বড়দিনের ছুটির আমেজে থাকাতে হয়তো নিউজিল্যান্ডাররা এখনো সিরিজ নিয়ে ভাবাই শুরু করেনি।
বাংলাদেশ দলের জন্য এটা একটা ভালো দিক। ভিনদেশে এসে সফরের শুরুটা এ রকম ‘লোকচক্ষুর অন্তরালে’ থেকে করতে পারলেই ভালো। কেউ দেখবে না আপনি কী করছেন, এই ফাঁকে ফাঁকা মাঠে গোল। যখন সংবিৎ ফিরে আসবে, তখন আর কিছুই করার থাকবে না। না নিউজিল্যান্ডের মানুষের। না বাংলাদেশকে ঠেকাতে নিউজিল্যান্ডের পতাকা হাতে নেওয়া অন্য প্রবাসীদের।
ঘুমন্ত ক্রাইস্টচার্চকে জাগাতে একটা ধাক্কা কি দেবে বাংলাদেশ?