‘ঘুমপাড়ানি’ বিশ্বকাপে বাংলাদেশই আকর্ষণ
‘ওমান! আর ইউ রেডি!’
ওমান–পাপুয়া নিউগিনির মধ্যকার উদ্বোধনী ম্যাচের মাঝপথে স্টেডিয়ামের ডিজে মাইক্রোফোনে বেশ উঁচু স্বরেই কথাটা বললেন। কিন্তু ডিজের ডাকে সাড়া দেওয়ার মতো কেউ নেই। মাঠে দর্শক তখনো আসেনি বললেই চলে। আল হাজার পর্বতমালার দেয়ালে কথাগুলো প্রতিধ্বনিত হয়ে ফিরে এল আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে।
ডিজের এমন চেষ্টা ম্যাচজুড়েই চলল। কিন্তু তাতে খুব একটা কাজ হলো না। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ওমানের যে দৃষ্টিভঙ্গি, সেদিক থেকে বিষয়টি অপ্রত্যাশিতও নয় অবশ্য। ওমানের রাজধানী মাসকাটে বিশ্বকাপ হচ্ছে—এটা যেন পর্বতঘেরা আল আমেরাত স্টেডিয়ামেই সীমাবদ্ধ। শহরের মানুষদের এ নিয়ে তেমন কোনো ভাবনাই নেই। সেটা যদি নিজ দেশ ওমানও খেলে, তবু না। বিশ্বকাপ নিয়ে যা একটু রোমাঞ্চ, সেটি সীমাবদ্ধ প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই।
উদ্বোধনী ম্যাচের আগে যে অনুষ্ঠানটি হলো, সেটি নিয়েও তেমন মাতামাতি নেই। ৩০ মিনিটের অনুষ্ঠানে ওমানের ঐতিহ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু দর্শকের অনুপস্থিতিতে সেটি প্রাণবন্ত হলো না। টি–টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা যেন হলো ঘুমিয়ে ঘুমিয়ে!
স্থানীয় এক ট্যাক্সিচালক বিশ্বকাপে নিজ দেশের জাতীয় দলের ম্যাচ খেলার কথা শুনেও যে ভঙ্গি করলেন, তাঁর অনুবাদ হতে পারে, ‘ওহ! তাই নাকি? আমার জানা ছিল না।’ তবু তাঁর আশা, ওমান দল নিশ্চয়ই ভালো খেলবে। টি–টোয়েন্টি বিশ্বকাপের চেয়েও তিনি বেশি কৌতূহলী সন্ধ্যায় ওমান ফুটবল লিগে কোন দল কেমন করছে, তা নিয়ে।
বিশ্বকাপে ওমানের খেলা কাভার করতে খুব বেশি স্থানীয় সাংবাদিক মাঠে আসেননি। সংখ্যার হিসাবে বাংলাদেশি সাংবাদিকের সংখ্যাই বেশি। দু-একজন যাঁরা এসেছেন, ক্রিকেটে তাঁদের আগ্রহের কারণও ব্যক্তিগত। এই যেমন মাসকাট ডেইলির স্পোর্টস এডিটর অশোক মালহোত্রা ভারতীয় বংশোদ্ভূত। ক্রিকেটের প্রতি তাঁর আগ্রহের কারণ তিনি ভারতীয়। দীর্ঘদিন ওমানে ক্রীড়া সাংবাদিকতা করারও অভিজ্ঞতা আছে তাঁর।
অশোক মালহোত্রার কথায় ফুটে উঠল ওমান ও টি–টোয়েন্টি বিশ্বকাপের পুরো চিত্রটাই, ‘এখানে ফুটবলই সব। ক্রিকেট নিয়ে ওমানের তেমন আগ্রহ নেই। যারা খেলে, যারা খেলার সঙ্গে সম্পৃক্ত, সবারই উপমহাদেশের সঙ্গে যোগাযোগ আছে। আজ আবার খেলা পড়েছে দুপুর বেলা। দিনটাও রোববার। সপ্তাহের প্রথম দিন মানুষ কাজ ফেলে কেন মাঠে আসবে?’
ক্রিকেট বিশ্বকাপ নিয়ে যে প্রচারণা দরকার, সেটিও নাকি যথেষ্ট ছিল না ওমানে। মাত্র তিন মাস সময়ে ওমান বিশ্বকাপ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আরও কিছু সময় পেলে হয়তো বিশ্বকাপকে ঘিরে প্রচারণা চালাতে পারত ওমান ক্রিকেট বোর্ড। তবে অশোকের ধারণা, বাংলাদেশ দলের ম্যাচে বেশি দর্শক আসবে, ‘বাংলাদেশের খেলা সন্ধ্যায়। তখন হয়তো মানুষ আসবে। ওই সময়টায় সবার ব্যস্ততা কমে আসবে। আর বিশ্বকাপের ওমান অংশে বাংলাদেশই তো দর্শকদের মূল আকর্ষণ।’