ঘুরে দাঁড়ানোর চেষ্টা মিসবাহ-সোহেলের

শুরুর বিপর্যয় সামলে এই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া মিসবাহ-উল-হক ও হারিস সোহেল। স্কোরবোর্ডে ২৪ উঠতেই দুই ওপেনারকে হারানোর ধাক্কাটা এই দুই ব্যাটসম্যানের কল্যাণে কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছে পাকিস্তান। ২১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৯০। মিসবাহ ৩২ আর সোহেল ৩৫ রানে অপরাজিত আছেন। তৃতীয় উইকেটে এই দুজন গড়ে তুলেছেন অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটি।
টসে জিতে ব্যাট করতে নেমে দুই অস্ট্রেলীয় ফাস্ট বোলার জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের তোপে বেশ বিপদেই ছিল পাকিস্তান। উদ্বোধনী জুটি এদিক-সেদিক মেরে স্কোরবোর্ডে ২০ তুললেও হ্যাজেলউড-স্টার্কের সুইং বোলিংয়ে খুব অল্প সময়ের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে তারা। আহমেদ শেহজাদ হ্যাজেলউডের বলে শরীর থেকে দূরের বল খোঁচা মেরে স্লিপে ক্লার্কের হাতে ধরা পড়েন। সরফরাজকে ফেরান স্টার্ক ওয়াটসনের স্লিপ-ক্যাচে।
এই মুহূর্তে মিসবাহ’কে ব্যাট করতে দেখে নিজেদের ভীষণ দুর্ভাগা মনে হবে অস্ট্রেলীয়দের। হ্যাজেলউডের একটি বলে পাকিস্তানি অধিনায়কের স্টাম্পের এলইডি আলো জ্বলে উঠলেও বেল না পড়ায় তিনি এখনো ব্যাট করে যাচ্ছেন। সূত্র: এএফপি