ঘুরে দাঁড়িয়েছে ভারত

ক্রিকেটে ম্যাচের পরিস্থিতি পাল্টে দিতে পারে একটি-দুটো উইকেটই। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও অপেক্ষায় ছিলেন এমন কিছু মুহূর্তেরই। উমেশ যাদব এসে অধিনায়ককে উপহার দিয়েছেন সেই মাহেন্দ্রক্ষণ। খুব অল্প ব্যবধানেই স্মিথ-ফিঞ্চ ও ম্যাক্সওয়েলকে হারিয়ে এই মুহূর্তে কিছুটা সমস্যায় অস্ট্রেলিয়া। যদিও ৪০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২৪৮।
তিনটি উইকেটের পতন অস্ট্রেলিয়ার ব্যাটিং পাওয়ার প্লের পরিকল্পনাটাও নাড়িয়ে দিয়েছে বলে মনে হয়। প্রথম দশ ওভারে ৫৬ করা অস্ট্রেলিয়া ৩৫ থেকে ৪০ ওভারে তুলেছে মাত্র ৩৩ রান।
ফিঞ্চ আউট হয়েছেন ৮১ রানে। বল হাতে আজ অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শত্রু হয়ে আবির্ভূত হয়েছেন উমেশ যাদব। আট ওভারে ৬৩ রান দিলেও উইকেট তুলে নিয়েছেন ৩ টি। সবচেয়ে বড় কথা, তিনি ফিরিয়েছেন স্মিথ, ওয়ার্নার ও ফিঞ্চের মতো তিন রান মেশিনকে।
গ্লেন ম্যাক্সওয়েল ১৪ বলে ২৩ রান করে ফিরেছেন অশ্বিনের বলে, রাহানের ক্যাচ হয়ে। অধিনায়ক মাইকেল ক্লার্ক ফিরেছেন রোহিত শর্মার ক্যাচ হয়ে মোহিত শর্মার বলে।
স্মিথ-ফিঞ্চের ব্যাটে এক পর্যায়ে রানের পাহাড়ে চড়ারই স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। কিন্তু ধোনির অসাধারণ অধিনায়কত্ব আর ভারতীয় বোলারদের চোয়ালবদ্ধ বোলিংয়ে এই মুহূর্তে যথেষ্টই ঘাম ঝরছে অস্ট্রেলিয়ার। শীর্ষ ব্যাটসম্যানদের বিদায়ের পর এখন শেন ওয়াটসন, জেমস ফকনার কিংবা ব্রাড হাডিনদের ওপরই অস্ট্রেলিয়াকে পাহাড়ে চড়ানোর ভার। তাঁরা কী পারবেন? ধোনি কিন্তু অত সহজেই ছেড়ে দেওয়ার পাত্র নন।