ঘুরে দাঁড়াতে চান মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনের আগে খেলোয়াড়দের নিয়ে কাল ছোট্ট একটা বৈঠক করলেন কোচ ডেভিড ক্যাপেল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর কৌশলই হয়তো রুমানাদের বাতলে দিলেন কোচ।
প্রথম ওয়ানডেতে ক্যাচ হাতছাড়ার মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। ক্যাপেল তাই ক্যাচিং অনুশীলনে বেশ জোর দিলেন। কিন্তু অনুশীলনেও যেভাবে টপাটপ ক্যাচ পড়ল, কোচের কপালে চিন্তার ভাঁজ নিশ্চয়ই বেড়েছে। এমনিতে মেয়েদের ক্রিকেটে দুশ্চিন্তার নাম ব্যাটিং। ফিল্ডিংয়েও যে তারা বেশ পিছিয়ে সেটিও এখন পরিষ্কার। লোপ্পা ক্যাচ কেন ধরতে পারছেন না মেয়েরা? এই সমস্যা উত্তরণের উপায়ই বা কী? অনুশীলন শেষে টিম বাসে ওঠার আগে ক্যাপেলের ঝটপট উত্তর, ‘কিছুই না, শুধু বলটা লুফে নিতে হবে!’
সহজ কাজটা কী কঠিনই না করে ফেলছেন মেয়েরা! এঁদের সমস্যা ধরা পড়ছে মৌলিক বিষয়গুলোতেই। মেয়েদের উন্নতির লক্ষ্যে বিসিবি বেশ কিছু উদ্যোগও নিয়েছে। গত মে মাসে জনক গামাগে চলে যাওয়ার পর মাঝে কিছুদিন সরওয়ার ইমরান কোচের দায়িত্ব পালন করেছেন। অক্টোবরে ‘হাইপ্রোফাইল’ কোচ ক্যাপেল এসেছেন। দলের সঙ্গে একজন বিদেশি ট্রেনারও আছেন। তবুও কেন প্রত্যাশা অনুযায়ী ফল আসছে না? বিসিবির নারী ক্রিকেটের চেয়ারম্যান আবদুল আওয়াল রাখঢাক না করে আঙুল তুলেছেন কোচের দিকে, ‘কে কোথায় ব্যাটিং করবে, সেটাই তিনি ঠিক করতে পারছেন না।’
তবে পেছনের ব্যর্থতা ভুলে সামনে তাকাতে চান গত ম্যাচে ফিফটি করা নিগার সুলতানা, ‘ওদের চেয়ে আমরা ওয়ানডে অনেক কম খেলেছি। অভিজ্ঞতায় একটু পিছিয়ে। তবে তাদের হারানো অসম্ভব নয়।’