ঘুরে দাঁড়াতে চান লেম্যান

কার্ডিফ টেস্ট শেষ হলো ১১ জুলাই। এবার একটু বিশ্রাম। আবার ১৬ জুলাই থেকে লর্ডসে শুরু অ্যাশেজ যুদ্ধের দ্বিতীয় খণ্ড, মানে দ্বিতীয় টেস্ট। দুই টেস্টের মাঝে সময় মাত্র চার দিন। সময়টা এক দিন বেড়েছে আবার ইংল্যান্ড প্রথম টেস্টটা চার দিনের মধ্যেই জিতে নেওয়ায়। প্রথম টেস্টের বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য, ভুলভ্রান্তি শোধরানোর জন্য সময়টা কি একটু কমই পেল অস্ট্রেলিয়া?
অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান কিন্তু ভাবছেন উল্টোটা। তাঁর মতে, সময় যত কম পাওয়া যায় ততই ভালো, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে বলছি, সময় কম পাওয়ায় খারাপের চেয়ে ভালোর দিকটাই বেশি। আমি মনে করি আগের ভুলগুলো শুধরে নিয়ে পরের টেস্টে ভালো করার দারুণ সুযোগ এটা। হ্যাঁ, তারা ১-০-তে এগিয়ে, তবে সিরিজটা কিন্তু বেশ লম্বা।’
সাম্প্রতিক ইতিহাস অবশ্য কথা বলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম টেস্টে হারার পর অস্ট্রেলিয়া সর্বশেষ অ্যাশেজ জিতেছে সেই ১৯৯৭ সালে। এ ছাড়া ইংল্যান্ডের মাটিতে গত ১৪ বছরে কোনো সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। তবে লেম্যান ইতিহাসকে পরোয়া করেন না। তাঁর মতে কার্ডিফের হারটা ‘ছোটখাটো একটা হেঁচকি’ ছাড়া অন্য কিছু নয়, ‘তারা (ইংল্যান্ড) ভালো খেলেছে। সুশৃঙ্খল ছিল তিন বিভাগেই। ওরা একটা ক্যাচও ছাড়েনি। তবে হারটাকে ছোটখাটো হেঁচকিই বলব। নিজেদের গুছিয়ে নিতে চার দিন সময় পাচ্ছি।
আশা করছি, আগের চেয়ে ভালো খেলব। বড় রান করতে, উইকেট নিতে ও উইকেটে বেশি সময় কাটাতে যা করার দরকার সেটা করব।’
প্রথম টেস্টে হারের দায়ভার কিছুটা হলেও নিজেদের ব্যাটসম্যানদের ওপরে চাপিয়েছেন লেম্যান, ‘কোনো সন্দেহ নেই, ইংল্যান্ড ভালো বোলিং করেছে, এটা ওদের কৃতিত্ব। তবে আমাদের ব্যাটসম্যানরা আরেকটু বেশি সময় উইকেটে থাকতে পারত, সতর্ক
হতে পারত শট নির্বাচনেও।’ অবশ্য নিজের খেলোয়াড়দের ওপর আস্থাও আছে অস্ট্রেলিয়া কোচের, ‘তবে মনে রাখতে হবে ওরা ভালো খেলোয়াড় এবং ওরা খুব ভালোভাবেই ফিরবে।’
কার্ডিফের স্লো উইকেটে ছন্দ খুঁজে পাননি মিচেল জনসন। ২০১৩-১৪ মৌসুমে সর্বশেষ অ্যাশেজে ৩৭ উইকেট নেওয়া জনসন ছায়া হয়ে ছিলেন নিজের। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকা জনসন দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ২ উইকেট। লেম্যানকে আশাবাদী করেছে জনসনের দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্স, ‘ম্যাচ যত এগিয়েছে সেই ততই ভালো করেছে। সত্যি হলো সে জাতের খেলোয়াড়। সব ঠিক থাকলে সে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দেবে।’
লর্ডসের উইকেটও আশা জোগাচ্ছে লেম্যানকে। এএফপি।