ঘুরে দাঁড়াতে মরিয়া জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন ম্যাঙ্গোঙ্গো
স্টিভেন ম্যাঙ্গোঙ্গো

ওয়ানডে সিরিজ শুরু শুক্রবার। টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঝাঁপাতে চায় বাংলাদেশ। জিম্বাবুয়েও সুযোগটা কাজে লাগাতে উদ্গ্রীব। কাল সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন জিম্বাবুয়ে দলের কোচ
এক দিনের বিশ্রাম শারীরিকভাবে হয়তো জিম্বাবুয়েকে কিছুটা চাঙা করে থাকবে। কিন্তু স্টিভেন ম্যাঙ্গোঙ্গোর চোখ-মুখ থেকে এখনো টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের ‘যন্ত্রণা’ যায়নি। অবশ্য তা লুকানোর চেষ্টা করলেন না জিম্বাবুয়ে কোচ।
অনুশীলনের ফাঁকে কাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরিই স্বীকার করলেন হতাশার কথা। কিন্তু টেস্ট সিরিজই তো আর শেষ নয়। সামনে ওয়ানডে, তার আগে এভাবে নিজেদের হতাশার কথা বলা মানে তো প্রতিপক্ষকেই মনস্তাত্ত্বিক সুবিধা দিয়ে দেওয়া। এটা ভেবেই কি না, হতাশা ঝেড়ে আবার বেশ প্রত্যয়ী জিম্বাবুয়ে কোচ। ঘুরে দাঁড়ানোর কথা শোনা গেল তাঁর কণ্ঠে, ‘হুমকি’ দিলেন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ারও।
তিন টেস্টের সিরিজটা যে বাংলাদেশ যোগ্য দল হিসেবেই জিতেছে, এটা স্বীকার করতে দ্বিধা নেই ম্যাঙ্গোঙ্গোর, ‘আমরা হোয়াইটওয়াশ হয়েছি, এটা তো খুবই হতাশার। কিন্তু বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে, নিজেদের কন্ডিশনে ওরা দুর্দান্ত খেলেছে। বোলাররা ভালো করেছে। সাকিব, তামিম, মুশফিকের মতো সিনিয়র ব্যাটসম্যানরা রান পেয়েছে। আমাদের চেয়ে অনেক ভালো পারফর্ম করেছে বাংলাদেশ।’ তবে ওয়ানডে সিরিজটা যে অন্য রকম হবে জানাতে ভুললেন না সেটিও, ‘সামনে নতুন অধ্যায়। আমরাও অপেক্ষায় আছি। আমার তো মনে হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজগুলোতে সব সময়ই খুব কঠিন লড়াই হয়। আমরাও সেই আশাই করছি।’ ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে আজ বিসিবি একাদশের সঙ্গে একটা একদিনের ম্যাচও খেলছে জিম্বাবুয়ে।
দুই দলের সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজের ফল জিম্বাবুয়েকেই এগিয়ে রাখছে। গত বছর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা বাংলাদেশ হেরেছিল ২-১ ব্যবধানে। তার আগে ২০১১ সালেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। ওই দুটি সিরিজই জিম্বাবুয়ে খেলেছে নিজের মাঠে। বাংলাদেশের মাঠে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারানোর সর্বশেষ স্মৃতি ২০০১ সালে। এরপর দেশের মাঠে পাঁচটি সিরিজই জয় বাংলাদেশের।
এবারও তাই চ্যালেঞ্জটা বেশ কঠিন হবে মানছেন ম্যাঙ্গোঙ্গো, ‘জিম্বাবুয়ের মাঠে সেই দুই সিরিজ এখন অতীত। এটা সম্পূর্ণ নতুন একটা সিরিজ। আমরাও নতুন করে শুরু করতে চাই। একটা কথা আমি আগেও বলেছি, বাঘ নিজেদের জঙ্গলে সব সময়ই ভয়ংকর, শিকারও ভালো করে। এটাই চিন্তার বিষয়।’
টেস্ট সিরিজ হারের পরেই অধিনায়ক ব্রেন্ডন টেলর বলেছিলেন, সিরিজে পার্থক্য গড়ে দিয়েছেন আসলে বাংলাদেশের স্পিনাররা। জিম্বাবুয়ের সেই স্পিন-দুশ্চিন্তা কি থাকছে ওয়ানডেতেও? ম্যাঙ্গোঙ্গো সরাসরি জবাব দিলেন না, ‘দেখুন, স্পিনের বিপক্ষে প্রতিটি ম্যাচেই আমরা নিজেদের প্রমাণের চেষ্টা করেছি। বাংলাদেশের স্পিনাররা প্রতিটি ম্যাচেই আমাদের ভুগিয়েছে। কিন্তু তার পরও খুলনা টেস্টে আমরা ৩৬৮ রান, চট্টগ্রামে ৩৭৪ রান করেছি।’
তাঁর সংযোজন, ‘প্রতি ম্যাচেই উন্নতি করছি। আরেকটা ব্যাপার, টেস্ট আর ওয়ানডে বোলিংয়ে অনেক পার্থক্য। টেস্টে অনেক আক্রমণাত্মক ফিল্ডিং সাজানো হয়, সেটা ওয়ানডেতে করতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা তো অন্য ধরনের খেলা।’
ওয়ানডে ভিন্ন মেজাজের খেলা বলেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে।