ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ জেতানো সেঞ্চুরির পর ডি ভিলিয়ার্স l এএফপি
ম্যাচ জেতানো সেঞ্চুরির পর ডি ভিলিয়ার্স l এএফপি

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হার! এর পরও সিরিজ জেতার আশা করাটা দিবাস্বপ্ন ছাড়া আর কী হতে পারে!
ভুল। দক্ষিণ আফ্রিকার কাছে অন্তত এটি কোনো স্বপ্নটপ্নের ব্যাপার নয়, জলজ্যান্ত বাস্তব। একবার নয়, এ নিয়ে দু-দুবার এই কীর্তি গড়ল তারা! দ্বিতীয় কীর্তিটির সাক্ষী হয়ে থাকল কাল কেপটাউনের নিউল্যান্ডস মাঠ। ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে যেখানে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল প্রোটিয়ারা। যে সিরিজে একসময় ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল এবি ডি ভিলিয়ার্সের দল। জয়ের নায়কও অধিনায়ক নিজেই। স্নায়ুচাপের ম্যাচে তাঁর ৯৯ বলে অপরাজিত ১০১ রানের ইনিংসটাই তো হাসি ফোটাল দক্ষিণ আফ্রিকার মুখে।
পাঁচ বা এর বেশি ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার পরেও জেতার কীর্তিটা এখন পর্যন্ত তিনটি দলের। তবে সবার আগে এটি করে দেখিয়েছিল দক্ষিণ আফ্রিকাই, ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে। অন্য দুটি বাংলাদেশ (২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে) ও পাকিস্তানের (২০০৫ সালে ভারতের বিপক্ষে)। কে জানে, কাল এই কীর্তির পুনরাবৃত্তি করার আগে ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজটাকেই প্রেরণা হিসেবে নিয়েছিলেন কি না ডি ভিলিয়ার্সরা!
অলিখিত ফাইনালে শুরুটা অবশ্য খারাপই হয়েছিল ইংল্যান্ডের। দলের ১৫ রান হতেই ওপেনার জেসন রয় নেই! জো রুটের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে সেই ধাক্কা কিছুটা সামাল দেন অন্য ওপেনার অ্যালেক্স হেলস। এরপর চতুর্থ উইকেটে বেন স্টোকসের সঙ্গে ৭০ রানের আরেকটি জুটি। এই দুজন ছাড়া আর কেউ অবশ্য লম্বা সময় সঙ্গ দিতে পারেননি হেলসকে। একা লড়াই চালিয়ে যাওয়া ইংলিশ ওপেনার শেষ পর্যন্ত আউট হয়েছেন ১২৮ বলে ১১২ রান করে। ওয়ানডেতে হেলসের এটি দ্বিতীয় সেঞ্চুরি, এই সিরিজে টানা পঞ্চম ৫০ ছাড়ানো ইনিংস। কিন্তু তাঁর সঙ্গীরা কেউ ত্রিশের ঘরেও যেতে না পারায় ইংল্যান্ড ৪৫ ওভারেই অলআউট হয়ে যায় ২৩৬ রানে।
তাড়া করতে নেমে ২২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। এর পরই ম্যাচের লাগামটা নিজের হাতে নিয়ে নেন ডি ভিলিয়ার্স। চতুর্থ উইকেটে আমলাকে নিয়ে ১২৫ রানের জুটি গড়েছেন। ৩০ থেকে ৩৫—এই ৬ ওভারের মধ্যে আমলা ও বেহারডিয়েন ফিরে গেলেও ডি ভিলিয়ার্সের ব্যাটে তা ছায়া ফেলেনি। ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি করেছেন, যেটির সবচেয়ে বড় মহিমা দলকে জিতিয়ে মাঠ ছাড়া। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪৫ ওভারে ২৩৬ (হেলস ১১২, স্টোকস ২৯, রুট ২৭, ব্রড ১৩; রাবাদা ৩/৩৪, ভিসে ৩/৫০, তাহির ৩/৫৩, অ্যাবোট ১/২৮)
দক্ষিণ আফ্রিকা: ৪৪ ওভারে ২৩৭/৫ (ডি ভিলিয়ার্স ১০১*, আমলা ৫৯, ভিসে ৪১*, বেহারডিয়েন ১৩; টপলে ৩/৪১, আলী ১/৩৭, রশিদ ১/৫৯)
ফল: দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী।
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩-২ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এবি ডি ভিলিয়ার্স।
ম্যান অব দ্য সিরিজ: অ্যালেক্স হেলস।