ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পর ইংল্যান্ড পরেরটা জিতেছিল মাত্র ২ রানে। তৃতীয়টি ড্র হয়েছিল অস্ট্রেলিয়ার ১ উইকেট বাকি থাকতে, চতুর্থটিতে আবার ইংল্যান্ডের জয় ৩ উইকেটে। নিখাদ ক্রিকেটপ্রেমীরা হয়তো এতক্ষণে বুঝে গেছেন কোন সিরিজের কথা বলা হচ্ছে। ২০০৫ সালের অ্যাশেজ। সাম্প্রতিককালের ক্রিকেট ইতিহাসে যেটি বিখ্যাত হয়ে আছে সবচেয়ে জমজমাট সিরিজ হিসেবে।
এবারের অ্যাশেজও কি ১০ বছর আগের সেই সিরিজের স্মৃতি কিছুটা ফিরিয়ে আনছে না? কার্ডিফে ইংল্যান্ডের জয়ের পর লর্ডসে অস্ট্রেলিয়ার দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো। এজবাস্টনে এসে আবার ইংল্যান্ডের জয়। পার্থক্য একটাই, ২০০৫ সালের অ্যাশেজে প্রায় প্রতিটি ম্যাচেই লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি, এবার সিরিজ জমজমাট হলেও ম্যাচগুলো হচ্ছে একতরফা। যে দলটাই জিতছে, প্রতিপক্ষকে একেবারে দুমড়েমুচড়ে দিচ্ছে। একই সিরিজে এ রকম উত্থান-পতনের অভিজ্ঞতা দুই অধিনায়ক অ্যালিস্টার কুক ও মাইকেল ক্লার্কের জন্যও একেবারে নতুন। হ্যাঁ, দুজনে মিলে দুই শরও বেশি টেস্ট খেলার পরেও!
অ্যাশেজ শুরুর আগে অস্ট্রেলিয়াকে পরিষ্কার ফেবারিট মনে হচ্ছিল, অথচ কার্ডিফে প্রথম টেস্টে ইংল্যান্ড হারিয়ে দিল তাদের। হিসাব পাল্টে দিয়ে ইংল্যান্ড যখন উড়ছে, লর্ডসে তাদেরই আবার মাটিতে নামিয়ে আনল ক্লার্কের দল। যেভাবে অস্ট্রেলিয়া ৪০৫ রানে জিতেছিল, অনেকে সেটাকে বলছিলেন, দেড়টা জয়ের সমান। কিন্তু এজবাস্টনে পরের টেস্টে সেই অস্ট্রেলিয়াকেই তিন দিনে হারিয়ে দিল কুকের দল!
অভিজ্ঞতাটা নতুন বলেই ক্লার্কের কাছেও এ রকম একতরফা ম্যাচের কারণটা অজানা, ‘আমি এটা ব্যাখ্যা করতে পারব না—এটা রোলারকোস্টারে চড়ার মতো ব্যাপার। দুই দলের ক্ষেত্রেই আমরা এটা দেখেছি। কিন্তু আমি কারণটা জানি না।’ পারফরম্যান্সের এমন উত্থান-পতনে ক্লার্কের মতো বিস্মিত কুকও। তবে ইংল্যান্ড অধিনায়ক নিজের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করালেন, ‘যে দলটাই শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়েছে, তারা সেটা এত নির্মমভাবে ধরে রেখেছে যে, প্রতিপক্ষকে আর ফিরতেই দেয়নি।’
নটিংহামে আজ থেকে শুরু চতুর্থ টেস্টেও ফর্ম বলছে ইংল্যান্ডের কথা। কিন্তু উত্থান-পতনের ধারাবাহিকতা দেখলে তো টেস্টটা অস্ট্রেলিয়ারই হওয়ার কথা। সর্বশেষ ৭ টেস্টে ইংল্যান্ড কখনো টানা দুটি জয় পায়নি। জয়, হার, জয়, হার—এভাবে চলছে। নটিংহামে সেই ধারাবাহিকতা কি ভাঙতে পারবে ইংল্যান্ড? প্রশ্নটা কুককে করা হয়েছিল এজবাস্টন টেস্টের পরই। রসিকতা করে ইংল্যান্ড অধিনায়ক জবাব দিয়েছিলেন, ‘যদি ওভালে সিরিজের শেষ পর্যন্ত এভাবেই চলে তাহলে আমার খুব একটা সমস্যা নেই। আমরা ৩-২ ব্যবধানে সিরিজ জিতে যাব। আর যদি ধারাবাহিকতা ভাঙেই, তাহলে নটিংহামেই যেন সেটা হয়।’
ইংল্যান্ডের জন্য কাজটা একটু কঠিন হয়ে গেছে, কারণ চোট এই টেস্টে খেলতে দিচ্ছে না দলের বোলিং আক্রমণের নেতা জেমস অ্যান্ডারসনকে। তাঁর জায়গায় খেলবেন ডানহাতি পেসার মার্ক উড। তবে অ্যান্ডারসনের অভাব পূরণ করাটা যে কঠিন সেটা মানছেন এজবাস্টনের ম্যাচসেরা স্টিভেন ফিন, ‘আমাদের সবার দায়িত্ব আরও বেড়ে গেল। বোলারদের সবাইকে এগিয়ে আসতে হবে ওর অভাব পূরণের জন্য।’
২-১ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পরও সিরিজ জেতার ঘটনা অ্যাশেজে মাত্র একবার। ১৯৩৬-৩৭ মৌসুমে যে কীর্তি গড়েছিল ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া। ৭৮ বছর আগের সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে মাইকেল ক্লার্কের দল? অস্ট্রেলিয়ার অধিনায়ক আশাবাদী, ‘আমরা যে পারি সেটা তো লর্ডসেই দেখিয়েছি। কার্ডিফের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি সেই আত্মবিশ্বাসটা থাকতে হবে। এখানেও সেভাবেই খেলতে হবে।’ এএফপি, রয়টার্স।