ঘুরে দাঁড়াবে প্রোটিয়ারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক—ইংল্যান্ডের এউইন মরগান ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স l ক্রিকইনফো
সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক—ইংল্যান্ডের এউইন মরগান ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স l ক্রিকইনফো

খারাপ সময় চলছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের। টানা দুটি সিরিজ হেরেছে টেস্ট দল। দেশটির ‘এ’ দল দেশের মাটিতেই পাত্তা পায়নি ইংল্যান্ড ‘এ’ দলের কাছে। শিরোপা ধরে রাখার অভিযানে বাংলাদেশে এসে অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রথম রাউন্ডেই। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কি পথ হারিয়ে ফেলল?
এই প্রশ্ন সামনে রেখেই আজ শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। কাছে-পিঠের সময়ে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে সময়টা ভালো না কাটলেও ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজটা কিন্তু জিতেছে প্রোটিয়ারাই। দক্ষিণ আফ্রিকার চাওয়া ওয়ানডের ধারাবাহিকতা ধরে রাখা, টেস্ট সিরিজ হারের বদলা নেওয়া।
বদলা নেওয়ার সিরিজেও অবশ্য বোলিংয়ের মূল অস্ত্র ডেল স্টেইনকে পাচ্ছে না তারা। তবে ফিরেছেন আরেক ফাস্ট বোলার মার্চেন্ট ডি ল্যাঙ্গা। কোচ রাসেল ডমিঙ্গো খুশি তাঁকে ফিরে পেয়েই। আর যা-ই হোক, মরনে মরকেল ও কাগিসো রাবাদার ওপর থেকে চাপ তো কিছুটা কমবে। সিরিজটা হতে পারে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ফর্মে ফেরার উপলক্ষও। টেস্টে সর্বশেষ তিন ইনিংসেই শূন্যতে ফিরেছেন ডি ভিলিয়ার্স।
ইংল্যান্ডও অবশ্য ৫০ ওভারের ক্রিকেটে আছে দুর্দান্ত ফর্মে। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর খেলার ধরনটাই বদলে ফেলেছে দলটি। পুরস্কারও মিলেছে নগদে। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা দলটি এই সময়ে হেরেছে শুধু অস্ট্রেলিয়ার কাছে। একঝাঁক মারকাটারি ব্যাটসম্যান মিলেই বদলে দিয়েছেন ইংল্যান্ডকে।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ ব্লুমফন্টেইনে। এএফপি।