ঘুরে দাঁড়াবেন ক্লার্ক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মসমালোচনা করে দায় নিজের কাঁধে নিয়েছেন। তবু রেহাই মিলছে না মাইকেল ক্লার্কের। দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম। ক্লার্ক কঠিন পরীক্ষার সামনে—এটা মানছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু, পরামর্শদাতা ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নও। তবে এই কঠিন সময় পেছনে ফেলে অস্ট্রেলিয়ান অধিনায়ক ঠিকই ঘুরে দাঁড়াবেন বলে মনে করেন তাঁর পূর্বসূরি রিকি পন্টিং।
কার্ডিফে সিরিজের প্রথম টেস্টে রান পাননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। লর্ডসে অস্ট্রেলিয়ার ৪০৫ রানের বিশাল জয়েও ব্যাটসম্যান ক্লার্কের অবদান নেই। এজবাস্টনের দুই ইনিংসে রান করেছেন ১০ ও ৩। সব মিলিয়ে সর্বশেষ ৬ ইনিংসে ৯৪ রান! তার ওপর এজবাস্টনে তাঁর নেতৃত্বও সংবাদমাধ্যমে প্রশ্নবিদ্ধ। নিখাদ বোলিং উইকেটে কোনো যুক্তিতে তিনি টস জিতে ব্যাটিং নিয়েছিলেন সেই প্রশ্ন উঠেছে। জঘন্য ব্যাটিং ফর্মের পাশাপাশি স্লিপে ইয়ান বেলের সহজ ক্যাচও ছেড়েছেন! ক্লার্কের জায়গা নিয়ে প্রশ্ন ওঠাটা তাই স্বাভাবিক বলেই মনে হচ্ছে শেন ওয়ার্নের কাছে, ‘ফর্ম না থাকলে যে কেউই এমন চাপে থাকবে। প্রত্যেকের জায়গাই আতশি কাচের নিচে পড়বে। আপনি যখন সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকবেন, বাকি দুটি ম্যাচের আগে কিছু বদল আসবে, এটাই স্বাভাবিক।’
তবে শেন ওয়ার্নের ধারণা, ক্লার্ক নয়, পরিবর্তন আসবে আরেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ভোজেসের জায়গায়। ৩৫ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যানের ফর্ম ক্লার্কের চেয়েও খারাপ যাচ্ছে। এই সিরিজের তিন টেস্টে ১৪.৬০ গড়ে রান করেছেন মাত্র ৭৩। ট্রেন্ট ব্রিজে পরের টেস্টে তাই ভোজেসকেই সরে দাঁড়াতে হবে বলে মনে করেন ওয়ার্ন, ‘আমি মনে করি, পরের টেস্টটা ক্লার্কের হতে পারে। শন মার্শকে জায়গা দিয়ে ভোজেসকে সরে যেতে হবে। মার্শ খেলবে চারে আর ক্লার্ক পাঁচ নম্বরে।’
পরিসংখ্যানও বলে, চারের চেয়ে পাঁচ নম্বরে ক্লার্ক অনেক বেশি সফল। ১১৩ টেস্টের ক্যারিয়ারে ৬১ ইনিংস খেলেছেন চার নম্বরে, গড় ৩০.৮৯। অন্যদিকে পাঁচ নম্বরে ১০৮টি ইনিংস খেলে গড় ৬১.৬৩। যদিও ক্লার্কের মতো ব্যাটসম্যানের জন্য চার আর পাঁচ নম্বরে ব্যাট করার মধ্যে কোনো ব্যবধান দেখেন না রিকি পন্টিং। স্কাই স্পোর্টসকে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছেন, ‘যদি সে ট্রেন্ট ব্রিজে চারে ব্যাট না করে সেটা অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে একটা নেতিবাচক বার্তা দেবে। আমার মনে হয় না মানসিকতা ছাড়া এই দুটি পজিশনে অন্য কোনো ব্যবধান আছে। তাঁকে শুধু পাঁচ নম্বরে নিজের পরিসংখ্যান ভুলে রান করতে হবে।’ একটা আত্মবিশ্বাসী ইনিংসই পুরো পরিস্থিতি বদলে দিতে পারে বলেও মনে করেন পন্টিং, ‘একটা ভালো ২০ কিংবা ৩০ রানের ইনিংসই ক্লার্কের সবকিছু বদলে দিতে পারে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া, সিডনি মর্নিং হেরাল্ড।