ঘুরে দাঁড়াল দুর্দান্ত ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের সামনে থেকেই মাঠ ছাড়লেন ম্যাচসেরা জো রুট l রয়টার্স
দলের সামনে থেকেই মাঠ ছাড়লেন ম্যাচসেরা জো রুট l রয়টার্স

জেমস অ্যান্ডারসন একেকটি বল করেন, আর গ্যালারি থেকে ভেসে আসে আফসোস, ‘ওহ, ওওও...’। কাল ওল্ড ট্রাফোর্ডে অ্যান্ডারসনের প্রায় প্রতিটি বলই এভাবে আফসোস ছড়াচ্ছিল, জাগাচ্ছিল বিস্ময়, এ বলটিতেও আউট হলেন না ব্যাটসম্যান! সুইংয়ের এমন দুর্দান্ত প্রদর্শনী দেখে ইংলিশ সমর্থকদের মনে হয়তো আক্ষেপই জন্মাল, ‘আহা, লর্ডসে যদি থাকতেন জিমি!’
অ্যান্ডারসনের বোলিংয়ের সবচেয়ে ভালো বর্ণনা দিতে পারবেন ইউনিস খান। তাঁকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন অ্যান্ডারসন। মাত্র ৯টি বল করেছেন ইউনিসকে। প্রতিটি বলেই মনে হচ্ছিল, এই বুঝি আউট হলেন পাকিস্তানের ব্যাটিং-ভরসা। তবে কী বুঝে যেন এরপর অ্যান্ডারসনকে বোলিং থেকে সরিয়ে নেন অ্যালিস্টার কুক। আর তাতেই হাঁফ ছেড়ে বাঁচেন ইউনিস!
তবে পাকিস্তানের দুরবস্থা শুরু হয়েছে এর আগেই। ৫৬৫ রান তাড়া করতে নেমে ২৫ রানেই ফিরেছেন শান মাসুদ ও আজহার আলী, দুজনই শিকার অ্যান্ডারসনের। এরপর অ্যান্ডারসনের ওই অত্যাচার-পর্ব পেরিয়ে মোহাম্মদ হাফিজকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন ইউনিস। কিন্তু যেখানে ম্যাচ বাঁচানোই হওয়া উচিত ছিল তাঁদের মূল লক্ষ্য, সেখানে মঈনের বিপক্ষে অযথা অতি আগ্রাসী হতে গিয়েই ফিরেছেন দুজন।
আসাদ শফিক ও মিসবাহ-উল-হক কিছুক্ষণ চেষ্টা করেছেন। এই সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা ওকসও এসে হাজির। ১১ বলের মধ্যে ফিরিয়ে দেন মিসবাহ ও সরফরাজকে। একটু পরে অ্যান্ডারসনের দুর্দান্ত এক ইনসুইঙ্গার, ব্যাটসম্যানের মতো আম্পায়ারও বিভ্রান্ত! টিভি আম্পায়ার জানালেন, শফিকের প্রতিরোধও শেষ। শেষ দিকে মোহাম্মদ আমিররা শুধু ব্যবধানই কমালেন। ৩৩০ রানের জয় দিয়ে সিরিজে সমতা আনল ইংল্যান্ড।
এর আগে পরশু পাকিস্তানকে ফলোঅন না করানোর সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করাচ্ছিলেন কুক। জো রুট ও কুক মিলে রীতিমতো ঝড়ই তোলেন সকালে। এমনই মনোমুগ্ধকর শট খেলছিলেন দুজন যে মনে হচ্ছিল চলুক না আরও কিছুক্ষণ এই ব্যাটিং প্রদর্শনী। কিন্তু এখানেও হতাশ করেছেন কুক। মাত্র ৯ ওভারে ৭৫ ওঠার পরই ঘোষণা করে দেন ইনিংস। সূত্র: স্টার স্পোর্টস।