ঘুরে দাঁড়িয়ে জিতল সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরতিতে খেলোয়াড়দের সম্ভবত তাতিয়ে দেওয়ার মতো কিছু বলেছিলেন পেপ গার্দিওলা! নাহলে প্রথমার্ধের নিষ্প্রাণ ম্যানচেস্টার সিটি দ্বিতীয়ার্ধে ওভাবে জ্বলে উঠবে কেন? এমনই যে প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে থাকা সিটি কাল আর্সেনালের বিপক্ষে ম্যাচটা জিতল ২-১ গোলে। 

চার মিনিটেই থিও ওয়ালকট এগিয়ে দেন আর্সেনালকে। সিটির রক্ষণ অ্যালেক্সিস সানচেজকে আটকাতেই বেশি মনোযোগী ছিল, এর মধ্যে ফাঁক গলে বেরিয়ে যান ওয়ালকট। সানচেজের থ্রু ধরেই গোলটা করেন ইংলিশ উইঙ্গার। এরপর প্রথমার্ধে বলের দখল সিটির বেশি ছিল, কিন্তু বক্সের সামনে আক্রমণে প্রাণবন্ত ছিল আর্সেনালই।

চিত্রটা বদলায় দ্বিতীয়ার্ধে। ৪৭ মিনিটে সিলভার চিপ ধরে সিটিকে সমতায় ফেরান লির‍য় সানে। এরপর একের পর এক আক্রমণ করে গেছে গার্দিওলার দল। ফলও পেয়েছে ৭১ মিনিটে। কেভিন ডি ব্রুইনের দারুণ লং পাস ধরে গোল করেন রাহিম স্টার্লিং। এই জয়ে ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট হলো সিটির। আর্সেনালেরও সমান, এক ম্যাচ কম খেলা লিভারপুলেরও তা-ই। ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি, পরশু ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে জয়টি ছিল ব্লুদের টানা ১১তম। পরশু ওয়েস্টব্রমকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। দুটি গোলই ইব্রাহিমোভিচের। এ নিয়ে লিগে টানা আট ম্যাচে অপরাজিত ইউনাইটেড।

জার্মান লিগে কাল দুর্বল ডার্মস্টাটের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোলটি করেন ডগলাস কস্তা। ইএসপিএন।