ঘুরেফিরে আসছে ভারত ম্যাচ
টিম বাস ছাড়ি ছাড়ি করেও ছাড়ছিল না। ল্যাংহাম হোটেলের সামনে অপেক্ষা করতে হচ্ছিল বোলারদের জন্য। কোচ চন্ডিকা হাথুরুসিংহে, পেস বোলিং কোচ হিথ স্ট্রিকসহ কোচিং স্টাফের অন্য সদস্যরাও বাসে ওঠেননি তখনো।
কিছুক্ষণের মধ্যেই সবাই চলে এল হই-হুল্লোড় করতে করতে। বোলারদের মধ্যে একজন কপট আক্ষেপ নিয়ে হাসতে হাসতে বললেন, ‘দেড় দিন হয়ে গেল। এখনো ধোনিকে আউট করতে পারলাম না!’ শুনে পুরো বাসই হো হো করে হেসে উঠল।
ঘটনাটা মেলবোর্নে ভারতের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচের এক-দুদিন আগের হবে। সব ম্যাচের আগেই প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা হয়। বাংলাদেশ দলের বোলারদের সঙ্গে কোচদের মিটিংয়েও পরিকল্পনা হচ্ছিল মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিদের নিয়ে। কোহলিকে অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ খেলানোর প্রলোভন দেখিয়ে আউট করার পরিকল্পনা ম্যাচেও সফল। কিন্তু ধোনিকে নিয়ে ম্যাচের আগের গবেষণাটাই যে শেষ হচ্ছিল না!
হাথুরুসিংহে কোনো দুর্বলতার কথা বলছিলেন তো হিথ স্ট্রিক তা বাতিল করে দিচ্ছিলেন। স্ট্রিক হয়তো অন্য কিছু বললেন, সেটা আবার পছন্দ হচ্ছিল না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। এই করে দুই-তিন মিটিংয়েও ভারত অধিনায়ককে আউটের ‘ফর্মুলা’ বের হচ্ছিল না। ওই বোলারের রসিকতাটা ছিল এ নিয়েই।
হঠাৎ করে ভারত ম্যাচের প্রেক্ষাপট তুলে ধরার কারণ—অস্ট্রেলিয়া থেকে গত ২২ মার্চ ঢাকায় ফিরে এলেও বাংলাদেশ দলের খেলোয়াড়দের চিন্তাভাবনা, কথাবার্তায় ঘুরেফিরেই চলে আসছে কোয়ার্টার ফাইনাল। গত দুদিনে বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলে একটা বিষয় স্পষ্ট—ভারতের বিপক্ষে বাংলাদেশকে জোর করে হারানো হয়েছে বলেই মনে করেন তাঁরা।
আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে ‘ফেঁসে’ গেছেন স্বয়ং আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। আচরণবিধির শৃঙ্খলে বাঁধা ক্রিকেটাররা যে এরপর আর এ নিয়ে টুঁ-শব্দটিও করবেন না, তা তো জানাই। তার পরও প্রসঙ্গ তুললে ক্ষোভের উদ্গিরণ বুদ্বুদের মতো করে হলেও হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক ক্রিকেটার জানালেন, রিভিউতেও সুরেশ রায়নার এলবিডব্লুর আবেদন প্রত্যাখ্যান হওয়ার পরই তাঁরা বুঝে গিয়েছিলেন এই ম্যাচে জয়ভাগ্য নিয়ে নামেনি বাংলাদেশ। কিন্তু টিভি রিপ্লেতে যে দেখা গেল বলের সিমটা লেগ স্টাম্পের সামান্য বাইরেই পড়েছে! তাঁর তাৎক্ষণিক জবাব, ‘হক-আইতে তো চাইলেই আপনার ইচ্ছেমতো গ্রাফিকস বদলে দেখাতে পারেন! রিভিউ চাওয়ার সময় এক সিনিয়র খেলোয়াড় মাশরাফি ভাইকে বলেছিলেনও, লাভ নেই। আউট দেবে না।’
রোহিত শর্মার আউটের বলে ‘নো’ ডাকার পর মাঠে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। মাশরাফি নাকি আম্পায়ার ইয়ান গোল্ডকে অনুরোধ করেছিলেন থার্ড আম্পায়ারের পরামর্শ নিতে। কিন্তু গোল্ড তাঁকে বলেন, ‘কল করা হয়ে গেছে। এখন আর কিছু করার নেই।’ পরে টেলিভিশন রিপ্লে দেখে যদিও মনে হয়েছে লেগ আম্পায়ার আলিম দারই আগে হাত তুলে ‘নো’ বলের ইশারা করেছিলেন, মাঠে থাকা ক্রিকেটারদের বক্তব্য কিন্তু ভিন্ন। ‘বলটা রোহিতের ব্যাটে লাগার সঙ্গে সঙ্গে গোল্ড “নো” কল করেন। আলিম দার ওটা শুনেই হাত তুলেছেন’—বলছিলেন এক খেলোয়াড়। ওই সিদ্ধান্তের পর বাংলাদেশ দলের কেউ কেউ নাকি মাঠেই গোল্ডকে দু-চার ‘কথা’ শুনিয়ে দেন। ভাগ্য ভালো ইংলিশ এই আম্পায়ার বাংলা বোঝেন না।
আর সবার মতো ক্রিকেটারদের সন্দেহ মাহমুদউল্লাহর আউট নিয়েও। টিভি রিপ্লেতে কেন শিখর ধাওয়ানের পায়ের ক্লোজ শট দেখানো হলো না, সে প্রশ্ন অনেকের। খেলোয়াড়েরা অবশ্য এটাও স্বীকার করলেন, ভারত ম্যাচে তাঁদের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের পরও ভালো বোলিং-ফিল্ডিং হলে ভারতকে ২৬০-২৭০ রানে আটকে রাখা যেত। তখন বাংলাদেশেরও জেতার সম্ভাবনা থাকত। অতৃপ্তি আছে নিউজিল্যান্ড ম্যাচ নিয়েও। হ্যামিল্টনে সম্ভাবনা জাগিয়েও হেরে যাওয়ার জন্য নিজেদেরই দোষ দেখেন ক্রিকেটাররা।
প্রাপ্তির বিশ্বকাপে ‘স্মারক’ হিসেবে তাই টুকরো টুকরো আফসোসও থাকছে। তবে আফগানিস্তান, স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয়ের তৃপ্তি, ইংল্যান্ডকে প্রায় বলেকয়ে হারানো এবং প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার রোমাঞ্চই বেশি উপভোগ করছেন সবাই। এই তিন ম্যাচ নিয়ে আলোচনায় চলে এল ড্রেসিংরুমে খেলোয়াড়দের অভিনব উদ্যাপনের কথাও।
ম্যাচ জয়ের উদ্যাপনের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ‘আমরা করব জয়...’ গানটা অনেক দিন ধরেই চালু আছে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে। আগে ক্রিকেটাররা গানটা কাঁধে কাঁধ ধরে বৃত্তাকার হয়ে গাইলেও বিশ্বকাপের আফগানিস্তান ম্যাচ থেকে এর দৃশ্যায়নে এসেছে উন্মাদনা। ম্যাচ জিতে ড্রেসিংরুমে ফেরার পর কারও হাতে উঠে আসে ব্যাট, কারও হাতে স্টাম্প, কারও হাতে নিজের গা থেকে খুলে নেওয়া জার্সি, কারও বা হাতে বুট। যার হাতে যা আছে তাই দিয়ে সবাই একসঙ্গে পেটানো শুরু করে ম্যাসাজ টেবিল, সোফা বা অন্য কোথাও। সঙ্গে কোরাসে, ‘আমরা করব জয়...আমরা করব জয় একদিন...।’ বিগ ব্যাশের অভিজ্ঞতা থেকে উদ্যাপনের ধরনে এই পরিবর্তন আনার ‘আইডিয়া’টা নাকি সাকিব আল হাসানের। এখন থেকে ড্রেসিংরুমে জয়ের উদ্যাপন এভাবেই করার সিদ্ধান্ত ক্রিকেটারদের।
সাকিবের সংযোজনটুকু জেনেছেন, মাশরাফিরটাই বা বাদ থাকবে কেন? বিজয় উৎসবে কতভাবেই না মজা করেছেন অধিনায়ক! ইংল্যান্ড ম্যাচ শেষে গান শুরুর আগে নাকি মুষ্টি ছুড়ে চিৎকার করে বলছেন, ‘থ্রি চিয়ার্স ফর রিয়াদ (মাহমুদউল্লাহ)। থ্রি চিয়ার্স ফর মুশফিক। থ্রি চিয়ার্স ফর...।’ না থাক, শেষ নামটা বলার দরকার নেই। ওটা তো আর কোনো ক্রিকেটারের নাম নয়। নামটা বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় থাকা এক মডেল-অভিনেত্রীর।