ঘুষ দেয়নি পাকিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার কারণে যে পাকিস্তানে প্রায় ছয় বছর কোনো দল ক্রিকেট খেলতে যায়নি, সেখানেই কিছুদিন আগে দুটি টি-টোয়েন্টি আর তিন ওয়ানডের একটি সিরিজ খেলে গেল জিম্বাবুয়ে। কেন এত বড় ঝুঁকি নিল তারা? নেহাতই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর মহৎ উদ্দেশ্যে নাকি অন্য কিছু ছিল? দেশটির সংবাদমাধ্যমে কিন্তু গুঞ্জন, মোটা অঙ্কের উৎকোচ দিয়েই পাকিস্তান সফরে জিম্বাবুয়ে ক্রিকেটারদের রাজি করিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবি প্রধান শাহরিয়ার খান জোর গলায় দাবি করেছেন, জিম্বাবুয়ে দলকে কোনো ঘুষ দেওয়া হয়নি। যা দেওয়া হয়েছে, সেটা সফরে তাদের খরচ বাবদ। যদিও অঙ্কটা বেশ বড়, পাঁচ লাখ ডলার! পিসিবির একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, এর মধ্যে জিম্বাবুয়ের খেলোয়াড়েরা জনপ্রতি পেয়েছেন সাড়ে ১২ হাজার ডলার। যদিও প্রথমে শোনা গিয়েছিল, পিসিবি জনপ্রতি ১০ হাজার ডলার করে দেবে। বাড়তি টাকাটা কী কারণে? গুঞ্জন আছে, যেকোনো অবস্থায় জিম্বাবুয়েকে আনতে দর-কষাকষি করছিল পিসিবি। টাকার অঙ্কটা সম্ভবত সে কারণেই ১০ থেকে সাড়ে ১২ হাজার ডলার হয়েছে। মাত্র ১০ দিনের সফরেই এই টাকা! যেখানে জিম্বাবুয়ের ক্রিকেটারদের সর্বোচ্চ মাসিক বেতন সাড়ে ছয় হাজার ডলার।
এসব স্রেফ গুঞ্জন হিসেবেই উড়িয়ে দিয়েছেন শাহরিয়ার খান, ‘এসব সত্য নয়। সফরটা হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে। এমনকি গতকালও আমাদের প্রধানমন্ত্রী এই সফরে দল পাঠানোর জন্য ধন্যবাদ দিয়েছেন জিম্বাবুয়ে প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে। এমন অবস্থায় খেলোয়াড়দের ঘুষ দেওয়ার তো প্রশ্নই ওঠে না।’ ডন, ক্রিকইনফো।